মেসির আস্থায় পাজ, তবে নতুন ‘১০’ নম্বরের উত্তর মিলছে না এখনই

লিওনেল মেসির যুগের অবসান ঘটার পর এবার আর্জেন্টিনার ঐতিহাসিক ‘১০ নম্বর’ জার্সির উত্তরাধিকারী কে হতে চলেছেন, তা নিয়ে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের কৌতূহলের অন্ত নেই। কিংবদন্তির বিদায়ের পর সাময়িকভাবে জার্সিটি ফাঁকা রাখা হলেও স্কোয়াডের অন্দরে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে চলা নানা গুঞ্জন ও ইশারায় পরিষ্কার হয়ে উঠেছে যে, উত্তরসূরি হিসেবে কোচের বিশেষ পছন্দ এবং সতীর্থদের নজর এখন ইতালিয়ান ক্লাব কোমোর তরুণ সেনসেশন নিকো পাজের ওপর। 

অবশ্য ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে সেই সিদ্ধান্ত নিতে আরও কিছুটা সময় নিচ্ছে আলবিসেলেস্তেরা। দেশটির গণমাধ্যম টিওয়াসিস্পোর্টস'এর এক প্রতিবেদন অনুযায়ী আসন্ন ফিফা উইন্ডোর দুটি ম্যাচেও ১০ নম্বর জার্সিতে দেখা মিলবে না কোনো ফুটবলারকে। 

মেসির অবসরের পর গত ফিফা আন্তর্জাতিক উইন্ডোর আগে আয়োজিত সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ১০ নম্বর জার্সি প্রসঙ্গে মুখ খুলেছিলেন। বেনিনের বিপক্ষে ম্যাচটির আগে স্কালোনি জানিয়েছিলেন, ‘এই ম্যাচগুলোতে ১০ নম্বর জার্সিটি দেওয়া বাধ্যতামূলক নয়। তাই লিও’র বিদায়ী ম্যাচ পর্যন্ত আমরা এটি কাউকে দিচ্ছি না, এরপর দেখব কাকে দেওয়া যায়। বিশ্বকাপ বাছাইপর্বের জন্য এটি নিশ্চিত নয়, তবে জার্সিটি কতটা চমৎকার তা বিবেচনা করে কেউ না কেউ এটি গায়ে জড়াবে, এটাই আমাদের পরিকল্পনা। আপাতত এ বিষয়ে আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি।’ 

এদিকে মূল প্রতিদ্বন্দ্বিতায় নাম আসার আগে তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ১৮ নম্বর জার্সি পরে নিজের দাবি কিছুটা জোরালো করলেও শেষ পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়ায় তাঁর সম্ভাবনা ম্লান হয়ে যায়। এছাড়া এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার বা লাউতারো মার্তিনেজের মতো অভিজ্ঞ তারকারা নিজ নিজ ক্লাবে এই জার্সি গায়ে চাপালেও, জাতীয় দলের অন্দরে সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন ২২ বছর বয়সী পাজ।

এছাড়া সতীর্থদের কাছ থেকেও ইতিমধ্যেই সবুজ সংকেত পেতে শুরু করেছেন পাজ। দলটির নতুন সহ-অধিনায়ক নির্বাচিত হওয়া গোলরক্ষক এমিলিয়ানো 'দিবু' মার্তিনেজ পাজের একটি সোশ্যাল মিডিয়া পোস্টের কমেন্টে লিখেছিলেন, ‘নতুন ১০ নম্বর?’ এছাড়া ইতালিয়ান ক্লাব কোমোতে খেলা এই মিডফিল্ডারের প্রশংসায় মেতে রদ্রিগো ডি পল সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘পাস দাও, উস্তাদ, আমরা এটার জন্যই অপেক্ষা করছিলাম।’ সতীর্থ ভ্যালেনতিন বারকো সংবাদ মাধ্যমকে নিজের ইচ্ছার কথা স্পষ্ট করে জানিয়ে বলেছেন, ‘নিকোর খেলার সবকিছুই আমার দারুণ লাগে। সে যেভাবে খেলে আমি পছন্দ করি। আমি চাই সে ১০ নম্বর জার্সিটি পাক, আমার বেশ ভালো লাগবে।’ 

খোদ লিওনেল মেসিও এর আগে পাজের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। ২০২৪ সালে দুজনের প্রথম মাঠে নামার পর এক সাক্ষাৎকারে লিওনেল মেসি পাজ সম্পর্কে বলেছিলেন, ‘ওর মধ্যে দুর্দান্ত কোয়ালিটি আছে এবং সে ভীষণ তরুণ, খেলাটাও খুব ভালো বোঝে। সে এমন এক কোচের অধীনে খেলছে যাকে আমি ব্যক্তিগতভাবে খুব ভালো জানি এবং পছন্দ করি (কোমোর কোচ সেসক ফ্যাব্রেগাসের কথা উল্লেখ করে)। বয়সের তুলনায় ওর মানসিকতা অবিশ্বাস্য। সে ঠিক জায়গাতেই আছে, আশা করি সে আরও বিকশিত হবে এবং আমরাও তাকে সাহায্য করতে পারব। দলের সবার কাছ থেকেই সে যথেষ্ট সমর্থন পাবে।’ 

অন্যদিকে নিজের গায়ে ঐতিহাসিক এই জার্সি ওঠার গুঞ্জন নিয়ে এখনও বিনয়ী অবস্থান বজায় রেখেছেন পাজ। এ বিষয়ে তিনি বলেন, ‘মেসির মতো খেলোয়াড়ের সঙ্গে যখন আপনি থাকবেন, তখন চোখের সামনে যা দেখবেন তা থেকেই শেখার চেষ্টা করবেন। আমি প্রতিটি ছোট ছোট বিষয়ের প্রতি মনোযোগ দেওয়ার চেষ্টা করি।’

যদিও কোচ স্কালোনি বিষয়টি নিয়ে চূড়ান্ত কিছু বলেননি, তবে সতীর্থদের সমর্থন ও ক্লাব ফুটবলের চোখধাঁধানো পারফরম্যান্সের সুবাদে আর্জেন্টিনার পরবর্তী আন্তর্জাতিক উইন্ডোতেই মাত্র ২২ বছর বয়সে ফুটবলের সবচেয়ে মর্যাদাকর ‘১০ নম্বর’ জার্সির নতুন রূপকার হিসেবে দেখা যেতে পারে নিকো পাজকেই।