তিন দিনব্যাপী আয়োজনের কথা থাকলেও নির্ধারিত সময়ের এক দিন আগেই শেষ হয়েছে জামালপুর জেলা ইজতেমা।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সাদপন্থীদের এ জেলা জোড় ইজতেমার সমাপ্তি হয়।
জামালপুরের ইসলামপুর উপজেলার নতুন মার্কাজ মসজিদে অনুষ্ঠিত ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা রিয়াদ ইসলাম (কাকরাইল, ঢাকা)। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, ৫, ৬ ও ৭ নভেম্বর তিন দিনব্যাপী ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই শুক্রবার সকালে এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। মোনাজাত শেষে দেশের বিভিন্ন স্থান থেকে আসা আনুমানিক পাঁচ হাজার মুসল্লি পর্যায়ক্রমে মসজিদ এলাকা ত্যাগ করতে শুরু করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পুরো আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মুসল্লিরা নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছেন।
এদিকে মুসল্লিদের নির্বিঘ্নে চলাচল ও মসজিদ এলাকা ত্যাগ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় অব্যাহত রয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন।