ছেলের ক্লাব পরিচালনার দায়িত্ব নিলেন বাবা

ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারকা ফুটবলার নেইমারের বাবা। সাবেক সিইও পেদ্রো মার্তিন্স গত বছরের মে মাসে পদত্যাগ করার পর থেকে এই পদটি শূন্য ছিল। সেই শূন্যস্থানে এবার ক্লাবটির কৌশলগত পরিকল্পনার দায়িত্ব তুলে দেওয়া হলো এই শীর্ষ ব্যবসায়ীকে।

শুক্রবার সান্তোস সভাপতি মার্সেলো তেইশেইরা এবং নেইমারের বাবার মধ্যে এই সংক্রান্ত চুক্তিটি স্বাক্ষরিত হয়। ক্লাবটির সিইও পদের পাশাপাশি তিনি যুব ফুটবলারদের ক্যারিয়ার ব্যবস্থাপনা পরিচালনাকারী সংস্থা ‘মেনিনোস দা ভিলা ইনস্টিটিউট’ এবং ‘সান্তোস ইতানি ইদোলস’ প্রোগ্রামের সভাপতির দায়িত্বও পালন করবেন। আগামী ১২ ডিসেম্বর সান্তোসের সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যার প্রচারণার শুরুতেই এই বড় চুক্তিটি সম্পন্ন হলো।

নেইমারের ক্লাব সান্তোসে ফেরার পর থেকেই তার মালিকানাধীন স্পোর্টস মার্কেটিং প্রতিষ্ঠান ‘এনআর স্পোর্টস’ (NR Sports)-এর মাধ্যমে ক্লাবটির বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন তার বাবা। ভিলা বেলমিরো স্টেডিয়ামের ড্রেসিংরুম সংস্কার ও গ্যালারির রঙ করাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে পার্টনারশিপের মাধ্যমে অর্থ জোগানে তিনি বড় ভূমিকা রাখেন। এছাড়া স্টেডিয়ামটির জোসে দে আলেনকার স্ট্যান্ডে নেইমারের থিমে একটি বিশেষ লাউঞ্জও তৈরি করা হয়েছে।

সম্প্রতি ফিফার দেয়া ১২ মিলিয়ন রিয়ালের ‘ট্রান্সফার ব্যান’ থেকে মুক্তি পেতে এনআর স্পোর্টসকে জার্সির ছয়টি স্পট ছেড়ে দেয় সান্তোস। ফ্রান্সের ক্লাব মোনাকো থেকে মিডফিল্ডার জেন লুকাসকে সাইনিং করানোর দেনা শোধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর পাশাপাশি রেই পেলে ট্রেনিং সেন্টারে নতুন যুব একাডেমির অবকাঠামো নির্মাণে ৮ মিলিয়ন রিয়ালের বিনিয়োগ জোগানের উদ্যোগেও নেতৃত্ব দেন নেইমারের বাবা।

 

উলে্লখ্য, ২০২৪ সালের জুনে ক্লাবের প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে প্রথমবারের মতো সিইও পদ তৈরি করেন সান্তোস সভাপতি মার্সেলো তেইশেইরা। সেই সময় প্রথম সিইও হন পাওলো ব্র্যাক্স। পরবর্তীতে একই বছরের ডিসেম্বরে পেদ্রো মার্তিন্স এই পদে যোগ দেন এবং মে ২০২৫ পর্যন্ত দায়িত্ব পালন করেন। মার্তিন্সের বিদায়ের পর এতদিন সান্তোসের ফুটবল সংক্রান্ত সব বড় সিদ্ধান্ত সভাপতি মার্সেলো তেইশেইরা ও ফুটবল এক্সিকিউটিভ আলেকজান্দ্রে মাতোস সম্মিলিতভাবে নিচ্ছিলেন।