জুমার পর মসজিদে হাতাহাতিতে বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ

শেরপুরের ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের হাতাহাতিতে আবু সালেহ আহমেদ (৬০) নামে এক বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু সালেহ আহমেদ ওই গ্রামের মরহুম আব্দুর রহমানের ছেলে। তিনি ভারুয়া বাজার জামে মসজিদের বর্তমান সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি নলকুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ দিন আগে ভারুয়া বাজার জামে মসজিদের সভাপতি নির্বাচিত হন আবু সালেহ আহমেদ। তবে তাঁর সভাপতি নির্বাচিত হওয়া নিয়ে একই গ্রামের আব্দুল মতিন ও তাঁর সহযোগীদের আপত্তি ছিল।

শুক্রবার জুমার নামাজের আগে মসজিদের ভেতরে এ নিয়ে মতিনের পক্ষের লোকজন আপত্তি জানান। এ সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। অভিযোগ উঠেছে, এ সময় মতিনের পক্ষের লোকজন আবু সালেহ আহমেদের ওপর হামলা চালান। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে মুসল্লিরা তাঁকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।