সেবার মান নিয়ে প্রশ্ন থাকতে পারবে না: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সরকারি কর্মকর্তাদের জনগণের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে। এমনভাবে সেবা দিতে হবে, যাতে তা নিয়ে সাধারণ মানুষের কোনো প্রশ্ন বা অভিযোগ না থাকে। তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে প্রতিমন্ত্রী যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ড্রেন ও রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চায়। সাধারণ মানুষের ভোগান্তি ও অভিযোগের জায়গাগুলো কমিয়ে আনতে চায় সরকার। প্রধানমন্ত্রী তাঁর সরকারকে গণমুখী সরকার হিসেবে গড়ে তুলতে চান। তিনি বিশ্বাস করেন, এই সরকার দেশের সব জনগণের। জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে সরকার একবিন্দুও সরে আসবে না। প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করা হবে।

ভূমি অফিসের গুরুত্ব তুলে ধরে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সরকার নির্ধারিত মূল্যে জনগণকে সেবা দিতে হবে। নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত একটি টাকাও নেওয়া যাবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম প্রমুখ।