জামালপুরের মেলান্দহ উপজেলায় দ্রুতগামী ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় প্রাণ হারানো একই পরিবারের তিন সদস্যের মধ্যে রয়েছেন স্বামী, স্ত্রী ও তাদের আট মাসের এক কন্যাসন্তান। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেলান্দহের নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার বাসিন্দা মোরশেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২৩) এবং তাদের আট মাস বয়সী শিশুকন্যা রিফা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মেলান্দহের শিমুলতলী এলাকা থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে জামালপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে পেছন থেকে প্রথমে চাপা দেয় একটি দ্রুতগামী ট্রাক। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে সেটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় অটোরিকশাযাত্রী মোরশেদ আলম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী ও শিশুসন্তানকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তারাও মারা যান।
দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী এবং অটোরিকশার চালকও আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া করে মেলান্দহের মালঞ্চ এলাকা থেকে সেটি আটক করে। তবে সুযোগ বুঝে ট্রাকের চালক পালিয়ে যেতে সক্ষম হন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।