ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
জেলার সাত উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়েও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে জেলা বিএনপির উদ্যোগে ভোলা শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
এতে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের বিভিন্ন সড়ক। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ গোলাম নবী আলমগীরের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব মো. রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, এনামুল হক, হুমায়ুন কবির সোপান, লোকমান হোসেন, আমিনুল ইসলাম খান ও ইয়ারুল আলম লিটনসহ জেলা পর্যায়ের নেতারা।
জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিমের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা র্যালিতে অংশ নেন। এ ছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ ও সদস্যসচিব মুনতাসির আলম চৌধুরী রবিনের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা এবং জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রাসেল ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেলের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলায়ও দিবসটি ঘিরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এসব এলাকায় স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা এসব আয়োজনে যুক্ত হন।
দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরেন। এ সময় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন এবং জাতীয় ঐক্য, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি দলের সাংগঠনিক ঐক্য ও শক্তি সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিএনপির কেন্দ্রীয় ঘোষিত সাত দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচির মধ্যে ৭ নভেম্বর জেলা ও মহানগর পর্যায়ে বর্ণাঢ্য র্যালি এবং ৮ নভেম্বর থানা ও উপজেলা পর্যায়ে র্যালি আয়োজনের কথা রয়েছে। এ ছাড়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
বর্ণাঢ্য আয়োজন ও বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি পালিত হয়েছে।