ঢাকায় আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না, গ্রেপ্তার লালমোহনের সাবেক চেয়ারম্যান

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম

ভোলার লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোলা জেলা শাখার সহসভাপতি গিয়াস উদ্দিন আহমেদকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার আদাবর এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় স্থানীয় বাসিন্দাদের হাতে আটক হওয়ার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গিয়াস উদ্দিন আহমেদ ঢাকার আদাবর থানা এলাকায় আত্মগোপনে ছিলেন। এ অবস্থায় তিনি সরকারবিরোধী বিভিন্ন মিছিল-মিটিংয়ে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয় বাসিন্দারা তাঁকে আটক করেন। পরে খবর পেয়ে আদাবর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।

পুলিশ জানায়, আটকের পর গিয়াস উদ্দিন আহমেদকে আদাবর থানায় নিয়ে আসা হয়। পরে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়। শুক্রবার সকালে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি মো. জাহিদুল ইসলাম।

গিয়াস উদ্দিন আহমেদ ভোলার লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। ২০২০ সালের নভেম্বরে তিনি ভোলা জেলা উপজেলা চেয়ারম্যান পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। পাশাপাশি তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোলা জেলা শাখার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ভোলার রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে তার বিরুদ্ধে দায়ের করা মামলার বিস্তারিত তথ্য এবং আদালতের পরবর্তী আদেশ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ছবি: ঢাকার আদাবর থেকে গ্রেপ্তার লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ।

সর্বশেষ সর্বাধিক পঠিত