সুন্দরবনে ঘুরতে গিয়ে পর্যটক নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

সুন্দরবন ভ্রমণে গিয়ে ময়মনসিংহের ভালুকার এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের কাছে এ ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটকের নাম রিয়াজ আহমেদ। তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঠালি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। ঘটনার পর বন বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার সন্ধান মেলেনি।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশন থেকে ১৯ জন পর্যটক নিয়ে সুন্দরবন ভ্রমণে যায় ইকো ট্যুরিজম-২ নামের একটি নৌযান। নৌযানটির পরিচালনায় ছিলেন মো. মিজানুর রহমান। পর্যটকদের মধ্যে নরসিংদীর ৯ জন, ময়মনসিংহের ৯ জন এবং ঢাকা ও গাজীপুরের একজন ছিলেন।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে দুবলার চরে পৌঁছানোর আগে নৌযানটি নতুন জেগে ওঠা একটি চরে আটকে যায়। এ সময় নৌযানের কর্মী ও পর্যটকেরা নেমে ধাক্কা দিয়ে সেটি সরানোর চেষ্টা করেন। দীর্ঘ চেষ্টার পর নৌযানটি সরাতে না পেরে সবাই আবার ওপরে উঠে আসেন। পরে পর্যটকদের গণনা করতে গিয়ে একজনকে পাওয়া যায়নি।

নৌযানটির ট্যুর গাইড মো. মিজানুর রহমান বলেন, নৌযানটি আটকে যাওয়ার পর সবাই মিলে সেটি সরানোর চেষ্টা করেন। পরে সবাই ওপরে উঠে এলে তিনি পর্যটকদের গণনা শুরু করেন। তখন একজন কম পাওয়া যায়। নৌযানের প্রতিটি কেবিনে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। এরপর বিষয়টি বন বিভাগ ও কোস্টগার্ডকে জানানো হয়।

পরে খবর পেয়ে বন বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে নিখোঁজ পর্যটকের সন্ধানে অভিযান শুরু করে।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শাহিনুর ইসলাম বলেন, একজন পর্যটক নিখোঁজ হওয়ার খবর তারা পেয়েছেন। তবে তার নাম-ঠিকানা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তাকে উদ্ধারে বন বিভাগ ও কোস্টগার্ড কাজ করছে।