খুলনায় অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর

খুলনা নগরীর খান জাহান আলী রোডের পিটিআই মোড় সংলগ্ন নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে ৫/৬ জনের একটি সন্ত্রাসী দল প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশ করে চাইনিজ কুড়াল দিয়ে বিভিন্ন জিনিস এলোপাতাড়ি ভাবে কোপাতে থাকে। এই ঘটনায় প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ সময় ডায়াগনস্টিক সেন্টারের ভিতরে থাকা রোগী ও স্বজনরা ভয়ে দিশাহারা হয়ে দিগবিদিক ছুটতে থাকে।

অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার হামলার মধ্য দিয়ে খুলনা নগরীতে গত ১৫ দিনে ৪টি ডায়াগনস্টিক সেন্টারে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুর ১টায় ৫/৬ জনের একটি সন্ত্রাসী দল খানজাহান আলী রোডের নিউ এ্যাপোলো ডায়াগনস্টিক এন্ড কনসালটেশনে প্রবেশ করে। তারা চাইনিজ কুড়াল বের করে বিভিন্ন জিনিস কোপাতে থাকে। তারা হামলা চালিয়ে দুইটি এসি, একটি টিভি, সামনের দরজার গ্লাস ও রিসিপশন কাউন্টার ভেঙে ফেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানের ভিতর প্রবেশ করা প্রত্যেকের হাতে চাইনিজ কুড়াল ছিল। প্রথমে ঢুকেই তারা একজন কর্মীর কাছ থেকে একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক জাহিদ হোসেন বলেন, গত এক মাস আগে নগরীর টুটপাড়ার একটি চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর প্রধান তাকে মোবাইলে ফোন দেয়। তারপর এই হামলার ঘটনা ঘটে। এই হামলার ঘটনার সাথে ওই বাহিনীর সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন রিপন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলে সিসি ফুটেজ সংগ্রহ করে সকলকে শনাক্ত করা গেছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। খুব তাড়াতাড়ি তাদেরকে গ্রেপ্তার করা হবে।

এদিকে গত ১৫ দিনে খুলনা নগরীতে চারটি ডায়গনস্টিক সেন্টারে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত ২৪ অক্টোবর রাতে নগরীর বাবুখান রোডের জনপ্রিয় সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর এবং আতঙ্ক সৃষ্টির জন্য গুলি করে সন্ত্রাসীরা।  এ ঘটনার একদিন পর সোনাডাঙ্গায় অবস্থিত সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় শাখায় হামলা চালায় একদল দুর্বৃত্ত।সেখানে কর্তব্যরত চিকিৎসকদের অস্ত্র ঠেকিয়ে আতঙ্ক, ভয়ভীতি প্রদর্শন করা হয়।

এই ঘটনার ১০ দিন পর গত ৩ নভেম্বর সন্ধ্যায় নগরীর সামসুর রহমান রোডের রংধনু ডায়াগনস্টিক সেন্টার ও আব্দুল্লাহ প্যাথলজিতে হামলা চালায় দুর্বৃত্তরা। এই প্রতিষ্ঠান প্রধানের কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। তা না হলে প্রতিষ্ঠান বন্ধ রাখার হুমকি দেয়া হয়। এই ঘটনার চারদিন পর শনিবার খানজাহান আলী রোডের এ্যাপোলে ডায়াগনস্টিক সেন্টারে হামলার ঘটনা ঘটল।

এছাড়া, গত ২৯ অক্টোবর চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে নগরীর বহুল আলোচিত চয়নিকা ফার্মেসি বন্ধ রাখা হয়। সূত্রে জানা গেছে, ২০ লক্ষ টাকা চাঁদা চাওয়ার কারণে প্রতিষ্ঠান প্রধান এই প্রতিষ্ঠানটি এখনো বন্ধ রেখেছে।