নিউ ইয়র্কের পর এবার ফ্লোরিডা

দ্বিতীয় কনসার্টের খবর দিলেন অপূর্ব

গানেও বেশ দক্ষ মডেল-অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। গত আগস্টে প্রথমবার যুক্তরাষ্ট্রে একক কনসার্ট করেছেন তিনি। দ্বিতীয় কনসার্টের খবর দিলেন অপূর্ব। নিউ ইয়র্কের পর এবার ফ্লোরিডা মাতাবেন বহুমাত্রিক এই প্রতিভা। জানা গেছে, ফ্লোরিডার টাম্পা শহরে অনুষ্ঠিত হবে ‘সপ্তম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট’। উৎসবের দ্বিতীয় দিন অর্থাৎ ১৩ ডিসেম্বর গাইবেন অপূর্ব।

স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে অপূর্বর কনসার্ট। নতুন এই সং গীতায়োজন নিয়ে এক ভিডিও বার্তায় অপূর্ব বলেন, ‘নিউইয়র্কের পর এবার গান শোনাতে আসছি ফ্লোরিডায়। গান আর গল্প নিয়ে দেখা হবে সবার সঙ্গে।’ 

নিউ ইয়র্ক কনসার্টের পরই অপূর্ব জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে তার কনসার্টের ডাক আসছে। দেশটির ১২টি শহর থেকে প্রবাসীরা তাকে কনসার্টের প্রস্তাব দিয়েছিলেন বলে জানান তিনি। স্ত্রী-সন্তানের সুবাদে যুক্তরাষ্ট্রেই এখন বছরের বেশিরভাগ সময় থাকেন অপূর্ব। তাই সেখানে গানের মাধ্যমে নিজের নতুন ব্যস্ততা তৈরি করছেন। আগামীতে দেশেও কনসার্ট করার ইচ্ছে রয়েছে তার। 

আগস্টে দেশে এসে কিছুদিন থাকার পর অক্টোবরের শুরুতেই ফের যুক্তরাষ্ট্রে চলে গেছেন অপূর্ব। যাওয়ার আগে অবশ্য বেশ কয়েকটি নাটকের শুটিং করেছেন। সিনেমা নিয়েও কথা চলছে। চূড়ান্ত হলে সেটার ব্যাপারেও জানাবেন তিনি।