কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত রণবীরের

বর্তমানে ‘রামায়ণ’-এ মেতেছে গোটা ভারত। পৌরাণিক এই কাহিনি নিয়ে আলোচনা-সমালোচনাও কম নয়। যার অভিনয় নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ ছিল দর্শকের, তিনি রণবীর কাপুর। রাম রূপে কতখানি মন জয় করবেন তিনি, সকলেরই আগ্রহ ছিল প্রবল। তবে নিজেকে রাম হিসেবে গড়ে তোলার জন্য প্রায় বছরখানেক কঠোর জীবনযাপন করেছেন অভিনেতা। তবে সিনেমা মুক্তির পরেই চমকপ্রদ মন্তব্য রণবীরের। মাথায় হাত ভক্তদের৷

অভিনয় জীবনের মেয়াদ নিয়ে এক চমকপ্রদ মন্তব্য করেছেন রণবীর। তিনি জানিয়েছেন, অভিনেতা হিসেবে এটাই তাঁর ‘শেষ দশক’। কারণ, তিনি সিনেমা পরিচালনার জন্য মুখিয়ে রয়েছেন। ‘রামায়ণ’ ছবির প্রচার চলাকালীন এক সাক্ষাৎকারে রণবীর জানান, অভিনয় থেকে এখনই অবসর নিচ্ছেন না, তবে আগামী কয়েক বছরের মধ্যে তিনি ধীরে ধীরে পরিচালনার দিকে মনোযোগ দিতে চান। 

রণবীর এর আগেও বহুবার জানিয়েছেন চলচ্চিত্র পরিচালনা করার ইচ্ছার কথা। ইতিমধ্যেই তিনি নতুন কিছু চিত্রনাট্য নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন। অভিনয় জীবনের এটাও একটা নতুন রূপ বলে মনে করেন রণবীর। তাই এর পরে ক্যামেরার পিছনে পরিচালক হিসেবে নিজের জার্নি শুরু করতে মুখিয়ে রণবীর। 

অভিনেতা বলেন, ‘আমি সত্যিই চাই, আগামী দু’তিন বছরের মধ্যে আমার পরিচালনায় প্রথম সিনেমার কাজ শুরু করতে।’ তবে রণবীরের অভিনয় ছেড়ে দেওয়ার কথা শুনে অনেক অনুরাগীরই মন খারাপ। কেউ লিখেছেন, ‘এমন কথা একদম বলবেন না রণবীর। সবে ৪৪ বছর বয়স, এখনই অভিনয় ছাড়বেন না। দয়া করে ৮৫ বছর বয়স পর্যন্ত অভিনয় করুন।’