এবার বলিউড সুপারস্টার সালমান খানকে নিয়ে বায়োপিক নির্মাণ নিয়ে শুরু হয়েছে শোরগোল। বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালমান খঅনের মন্তব্য ঘিরেও তৈরি হয়েছে নানা জল্পনা। সম্প্রতি নিজের আসন্ন ‘মাতৃভূমি’ সিনেমার ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে এ বিষয়ে প্রশ্ন করা হয় তাকে। সালমান বলেন, ‘আমার জীবনে এমন কিছু নেই, যা কোনো সিনেমাকে সুপারহিট করে তুলতে পারে। তবে আমার জীবনে এমন অনেক কিছু রয়েছে, যা অন্য অনেকের মানসম্মান ধুলোয় মিশিয়ে দিতে পারে।’
অভিনেতার এমন মন্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নতুন কৌতুহল। কাদের উদ্দেশে এমন কথা বলেছেন এই তারকা, এমন প্রশ্নও দেখা দিয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন সালমানের জীবনের কোন অধ্যায় অন্যদের জন্য অস্বস্তির কারণ হতে পারে?
সালমানের ব্যক্তিজীবন ও পেশাগত জীবন ঘিরে বিতর্কের ঘটনা কম নয়। বিভিন্ন সময়ে বলিউডের একাধিক তারকার সঙ্গে তার বিরোধের খবর সংবাদমাধ্যমে উঠে এসেছে। আবার প্রেম ও বিচ্ছেদের নানা অধ্যায় নিয়েও দীর্ঘদিন চর্চা হয়েছে তাকে ঘিরে। ফলে সাম্প্রতিক মন্তব্যের মাধ্যমে পুরোনো কোনো ঘটনা কিংবা বিশেষ কাউকে উদ্দেশ্য করে ইঙ্গিত দিয়েছেন কি না, তা নিয়েও চলছে আলোচনা।
তবে নিজের বায়োপিক নির্মাণের বিষয়ে এখনো কোনো ইতিবাচক ইঙ্গিত দেননি সালমান। বরং তার বক্তব্যে এমন আভাস মিলেছে, নিজের জীবনের অনেক অজানা ঘটনা প্রকাশ্যে এলে তা অন্যদের জন্য বিব্রতকর হতে পারে। শেষ পর্যন্ত ভাইজানের জীবনী নিয়ে সিনেমা নির্মিত হবে কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।