‘চব্বিশ আমাদের’ বলে দাবি করতে থাকলে নবীনরা নবীনই থেকে যাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

চব্বিশের আন্দোলনকে ‘নিজেদের দাবি করলে’ নবীনদের গঠিত দল নবীনই থেকে যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি মনে করেন, এরকম দাবির কারণে জুলাইয়ের চেতনা ‘থাকবে না’।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার সন্ধ্যায় ঢাকা অফিসার্স ক্লাবে আয়োজিত আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এখন যারা নবীন রাজনৈতিতে এসেছেন, তারা বলছেন চব্বিশ আমাদের। চব্বিশ আমাদের আমাদের করতে থাকলে, চব্বিশ কারও থাকবে না। জুলাই চেতনার মালিকানা দাবি করতে থাকলে নবীন বন্ধুরা নবীনই থেকে যাবেন।”

চব্বিশের গণঅভ্যুত্থানের পটভূমি তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “চব্বিশ সবার, এই চব্বিশ এক দিনে আসেনি। এই চব্বিশ আনতে ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত বহু মায়ের কোল খালি হয়েছে। বহু স্ত্রী তার স্বামীকে হারিয়েছেন। ইলিয়াছ এখনো ফিরে আসেননি। আমাদের মতো সৌভাগ্য অনেক বন্ধুর অর্জন হয়নি। যারা এখনো গুম হয়ে ফিরে আসেননি, তাাদের পরিবার জানে চব্বিশ আসতে কত ত্যাগ, তিতিক্ষা, রক্ত আমাদের দিতে হয়েছে।”

তিনি বলেন, “যারা নির্যাতিত হয়েছেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের পরিবার জানে, তাদের সন্তানরা জানে, এই চব্বিশ আসতে কত ত্যাগ স্বীকার করতে হয়েছে।

“শুধুমাত্র ৩৬ দিনের জুলাই যারা বলছেন, তাদের এই চেতনা, মালিকানা যদি দাবি করতে থাকেন, সেই নবীন বন্ধুদের রাজনীতি নবীনই থেকে যাবে, কখনো আর বড় হতে পারবে না।

অন্তর্বর্তী সরকারের সময় যারা দাযিত্ব পেয়েছিলেন তাদের মধ্যে ক্ষমতা দীর্ঘায়িত করার একটা প্রচেষ্টা ছিল বলে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটি এ নেতা।

“নির্বাচন যত বেশি দেরি করা যায়, অন্তত পাঁচ বছর থাকার ইন্টেনশান ছিল। বাকশালের চরিত্র যাদের শরীরে তারা তো ক্ষমতা ছাড়তে চাইবে না, এটাই বাস্তব।”

মন্ত্রীপরিষদ সচিব ও অফিসার্স ক্লাবের সভাপতি নাসিমুল গনির সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি এম আব্দুস সাত্তার, সাবেক সচিব মো. মশিউর রহমান।