বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আগামী ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার মঞ্চস্থ হতে যাচ্ছে শৌখিন থিয়েটারের দ্বাদশ প্রযোজনা মনোজ মিত্র রচিত নাটক ‘পালিয়ে বেড়ায়’-এর উদ্বোধনী প্রদর্শনী। দলের সভাপতি ও নির্দেশক হামিদুর রহমান পাপ্পুর নির্দেশনায় নাটকটিতে রূপচাঁদ নামক এক শেকড়ছেঁড়া ও ভবঘুরে মানুষের মনস্তাত্ত্বিক সংকট এবং বাস্তবতা থেকে পালানোর প্রবৃত্তি ফুটিয়ে তোলা হয়েছে।
সন্ধ্যা ৬টায় উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন প্রবীণ অভিনেতা ও অনুবাদক খায়রুল আলম সবুজ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. আইরিন পারভীন লোপা ও তপন হাফিজ। সভাপতিত্ব করবেন নির্দেশক হামিদুর রহমান পাপ্পু। আলোচনা শেষে সন্ধ্যা ৭টায় শুরু হবে নাটকটির প্রদর্শনী। অভিনয়ে যুক্ত আছেন মো. আলমগীর, দীপু মাহমুদ, আজমিরা কান্তাসহ একদল প্রতিভাবান শিল্পী।