এবার ফ্লোরিডায় গান শোনাবেন অপূর্ব

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৩ এএম

অভিনয়ের পরিচয়ের বাইরে সংগীতশিল্পী হিসেবেও নিজের অবস্থান তৈরি করতে চাচ্ছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রথম একক সংগীতানুষ্ঠানের সাফল্যের পর এবার ফ্লোরিডায় মঞ্চে উঠছেন তিনি। আগামী ১৩ ডিসেম্বর টাম্পা শহরে অনুষ্ঠিত হবে তার এই সংগীতানুষ্ঠান। দুদিনব্যাপী ‘সপ্তম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট’-এর দ্বিতীয় দিনে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে আয়োজনটি।

গত আগস্টে নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে ‘অপূর্ব মিউজিক্যাল নাইট’ শিরোনামে প্রথম একক কনসার্ট করেন অভিনেতা। প্রায় দুই ঘণ্টার পরিবেশনায় হেমন্ত মুখোপাধ্যায়, সোলস, বাপ্পা মজুমদার, ফিডব্যাক ও জেমসের জনপ্রিয় গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেন তিনি। সেই আয়োজনের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে কনসার্টের আমন্ত্রণ পান অপূর্ব।

নতুন আয়োজন প্রসঙ্গে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘নিউ ইয়র্কের পর এবার গান শোনাতে আসছি ফ্লোরিডায়। গান আর গল্প নিয়ে দেখা হবে সবার সঙ্গে।’

একসময় অভিনয়ের শুটিং নিয়ে ব্যস্ত থাকলেও বর্তমানে বছরের বড় একটি সময় যুক্তরাষ্ট্রে কাটান অপূর্ব। সেখানে সংগীতানুষ্ঠানের পাশাপাশি দেশেও কনসার্ট করার পরিকল্পনা রয়েছে তার। অভিনয়েও বিরতি নেই। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে দেশে সাতটির বেশি নাটকের শুটিং করেছেন। পাশাপাশি একাধিক চলচ্চিত্রে অভিনয়ের আলোচনা চলছে। সবকিছু চূড়ান্ত হলে নতুন সিনেমার ঘোষণা দেবেন বলে জানিয়েছেন এই অভিনেতা।

সর্বশেষ সর্বাধিক পঠিত