রামায়ণের অংশ হতে পেরে আমি গর্বিত

মহাকাব্য ‘রামায়ণ’-এর সুর্পণখা চরিত্রে অভিনয় করে নতুন এক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন অভিনেত্রী রাকুল প্রীত সিং। নিতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটিতে রাবণের বোনের চরিত্রে দেখা গেছে তাকে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটিতে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে অভিনেত্রী জানিয়েছেন, এই যাত্রা তার কাছে বিশেষ কিছু। প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা এমন একটি মহাকাব্যের অংশ হতে পেরে গর্বিত তিনি।

রাকুল জানান, দীর্ঘদিন ধরেই সুর্পণখা চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার অপেক্ষায় ছিলেন। এত বড় পরিসরে ‘রামায়ণ’কে পর্দায় জীবন্ত হয়ে উঠতে দেখা তার কাছে অসাধারণ অনুভূতি। সিনেমাটির নির্মাতা নমিত মালহোত্রা ও পরিচালক নিতেশ তিওয়ারির দূরদর্শিতা এবং ভারতীয় গল্পকে বিশ^দর্শকের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগের প্রশংসাও করেছেন তিনি।

চরিত্রটির রূপ পর্দায় ফুটিয়ে তুলতে হেয়ার, মেকআপ ও পোশাক পরিকল্পনার দলের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন রাকুল। তার ভাষ্য, প্রতিদিন প্রস্তুত হতে প্রায় চার ঘণ্টা সময় লাগত। পর্দায় তার সাজসজ্জার প্রশংসার কৃতিত্ব দিয়েছেন সংশ্লিষ্ট শিল্পীদের।

এর আগে এক সাক্ষাৎকারে সুর্পণখাকে বহুমাত্রিক ও ভুলভাবে ব্যাখ্যা করা একটি চরিত্র হিসেবে উল্লেখ করেছিলেন রাকুল। তার মতে, প্রচলিত বর্ণনার বাইরে চরিত্রটির আরও অনেক দিক রয়েছে, যা অনুসন্ধানের সুযোগ পেয়েছেন তিনি। সিনেমাটিতে রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশ অভিনয় করেছেন।