সরকারি সহায়তার চিকিৎসায় ভিসার শর্ত ভঙ্গ

যুক্তরাষ্ট্রে যেসব বিদেশি ভ্রমণকারী তাদের চিকিৎসাসেবার খরচের জন্য দেশটির সরকারি সহায়তা ব্যবহার করেন, তারা তাদের ভিসার শর্তাবলির অপব্যবহার করছেন। ঢাকায় দেশটির দূতাবাস গতকাল শনিবার এক ফেসবুক পোস্টে এ কথা বলেছে।

দূতাবাস বলছে, ‘যদি আপনি সরকারি সহায়তার অপব্যবহার করেন অথবা অন্য  কোনোভাবে যুক্তরাষ্ট্রের সরকারি সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তবে ভবিষ্যতে আপনার যুক্তরাষ্ট্রে ভ্রমণের যোগ্যতা বাতিল হতে পারে।’

ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চলতি বছরের জানুয়ারির এক প্রতিবেদনে জানায়, দেশটিতে বসবাসকারী বাংলাদেশিদের ৫৪ দশমিক ৮ শতাংশ পরিবার সেখানকার সরকারি সুবিধা নেয়।

যুক্তরাষ্ট্রের অভিবাসীদের মধ্যে কোন দেশের নাগরিকরা বেশি সরকারি সহায়তা (ওয়েলফেয়ার) নিচ্ছেন, তার একটি তালিকা প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ অভিবাসীদের সরকারি সহায়তা গ্রহণ করা বিষয়ে তার দেওয়া ১২০টি দেশ ও অঞ্চলের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৯তম।

‘ইমিগ্র্যান্ট ওয়েলফেয়ার রেসিপিয়েন্ট রেটস বাই কান্ট্রি অরিজিন’ শিরোনামের ওই তালিকায় দক্ষিণ এশিয়ার আরও চারটি দেশের নাম রয়েছে। এর মধ্যে ভুটানের অভিবাসী পরিবারগুলোর ৮১ দশমিক ৪ শতাংশ যুক্তরাষ্ট্র সরকারের আর্থিক সহায়তা  নেয়। সহায়তা নেওয়ার ক্ষেত্রে সব দেশের অভিবাসীদের মধ্যে ভুটানের অভিবাসীরা শীর্ষে। অন্য দেশগুলোর মধ্যে আফগানিস্তান ষষ্ঠ অবস্থানে ৬৮ দশমিক ১ শতাংশ পরিবার, পাকিস্তান ৬০তম অবস্থানে ৪০ দশমিক ২ শতাংশ পরিবার এবং নেপাল ৯০তম অবস্থানে ৩৪ শতাংশ ৮ শতাংশ পরিবার সরকারি সহায়তা গ্রহণ করে।

ট্রাম্পের তালিকাটিতে ভারত ও শ্রীলঙ্কার নাম নেই। যুক্তরাষ্ট্রে দেশ দুটি থেকে প্রবাসী পরিবারগুলো সহায়তা কম নেওয়ায় এমনটি হয়ে থাকতে পারে, সংশ্লিষ্টরা এমনটি মনে করেন।