নারায়ণগঞ্জে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুটি মোবাইল ফোনসহ তিন অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের এক সহযোগী পালিয়ে যায়। গত শুক্রবার রাত পৌনে ১১টায় সিদ্ধিরগঞ্জের শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় কাঠের পুলের পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন জসিম উদ্দিন ওরফে শীষনাগ জসিম, মো. লিটন ওরফে পাইলট লিটন ও মো. শফিকুর রহমান ওরফে রনি। তাদের সহযোগী বিল্লাল ড্রাইভার পালিয়ে যায়।

ডিবি পুলিশের অভিযানে জসিমের কাছ থেকে একটি কালো রঙের বিদেশি পিস্তল ও একটি মোবাইল ফোন এবং লিটনের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, উদ্ধার করা মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ ও গ্যালারিতে অবৈধ অস্ত্রের ছবি এবং কেনাবেচা সংক্রান্ত বার্তা পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও তিনি জানান।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়।