পারিবারিক সম্পর্ক দৃঢ় করার আহ্বান জামায়াত আমিরের

চিকিৎসকদের পেশাগত ব্যস্ততার মধ্যেও পরিবার ও সন্তানদের জন্য সময় বের করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, চিকিৎসকদের কর্মব্যস্ত জীবনে পরিবারের সঙ্গে সময় কাটানো এবং সন্তানদের বেড়ে ওঠায় ভূমিকা রাখা জরুরি। এ ধরনের আয়োজন পারিবারিক সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি বাড়াতে সহায়তা করে।

গতকাল শনিবার পূর্বাচলের সি শেল রিসোর্টে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত ‘কিডস ফেস্টিভ্যাল ও ফ্যামিলি গেট টুগেদার সিজন ২’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিশুদের বিনোদন, সৃজনশীলতা বিকাশ এবং চিকিৎসক পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে দিনব্যাপী এ আয়োজন করা হয়। এতে চিকিৎসক ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি এবং এনডিএফের সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন ইসলামি চিন্তাবিদ মুফতি আলী হাসান উসামা।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি, ডাকসুর ভিপি সাদিক কায়েম ও জিএস এসএম ফরহাদ। এনডিএফ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ডা. মোহাম্মদ মারুফ শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি ডা. নুর উদ্দীন তালুকদার।

দিনব্যাপী আয়োজনে শিশুদের জন্য বিভিন্ন রাইড, কিডস জোন ও খেলাধুলার ব্যবস্থা ছিল। পাশাপাশি পিঠা উৎসব, নাটিকা, সংগীত পরিবেশনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, চিকিৎসকদের পারিবারিক ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, শিশুদের প্রতিভা, চিন্তাশক্তি ও সৃজনশীলতা বিকাশের জন্য আনন্দময় পরিবেশ নিশ্চিত করা জরুরি।