রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে নিউ গিনি প্রপার্টিজের ভেতরে হামলা, ভাঙচুর ও মারামারির ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৬ অক্টোবর রাতে হামলার ঘটনার পর গতকাল শনিবার বিকেল ৪টার দিকে আবারও হামলার ঘটনা ঘটে।
গতকাল শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন বলেন, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আনুমানিক ১০০ থেকে ১৫০ জন নিউ গিনি প্রপার্টিজের ভেতরে ঢুকে ভাঙচুর ও মারামারিতে জড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে ১৪ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের মধ্যে তিনজন পারস্পরিক মারামারিতে গুরুতর আহত হন। তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।