চট্টগ্রামের সাতকানিয়া ও জামালপুরের মেলান্দহে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৬জন নিহত এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ চল্লিশের অধিক যাত্রী আহত হয়েছেন। গতকাল শনিবার এসব দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরÑ
সাতকানিয়া : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষা সফরের একটি বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৪০ জন। গতকাল ভোরে ৪টার দিকে উপজেলার খুনি বোতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক সোহানা আফরোজ ও আরেক শিক্ষকের স্বামী মো. ইসরাফিল।
জানা গেছে, তিশা পরিবহনের বাসটিতে বুড়িচংয়ের বাকশীমূল ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ অর্ধশতাধিক যাত্রী ছিলেন। তারা শিক্ষাসফরে কক্সবাজার যাচ্ছিলেন।
দুর্ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, সাতকানিয়া থানা পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে কেরানিহাটের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
দোহাজারী হাইওয়ে থানার ওসি নুরুল আবছার বলেন, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালানো হয়। প্রাথমিকভাবে দুজন নিহত ও অন্তত ৪০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।
জামালপুর : জামালপুরের মেলান্দহে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী একই পরিবারের শিশুসহ তিনজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেলের দুই আরোহীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের একজনের মৃত্যু হয়। গতকাল শনিবার সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারি এলাকার মোর্শেদ আলম, তার স্ত্রী ইকরামা, তাদের আট মাস বয়সী শিশু সন্তান রিফা এবং মোটরসাইকেল আরোহী শওকত হাসান লিখন।
জানা গেছে, শিমুলতলী থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি জামালপুরের দিকে যাওয়ার সময়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে জামালপুরগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। পরপরই ট্রাকটি অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহত মোটরসাইকেলের দুই আরোহীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শওকত হাসান লিখনের মৃত্যু হয়। তিনি মেলান্দহ উপজেলার শাহজাদপুর গ্রামের বরকত আলী ভূঁইয়ার ছেলে।