জিয়াউর রহমানের নামে হল নির্মাণ হবে: চবি উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে একটি আবাসিক হল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা রক্ষায়নশহীদ রাষ্ট্রপতির অবদান ও দর্শনের যথাযথ মূল্যায়ন করা সবার দায়িত্ব। তার নামে একটি আবাসিক হল নির্মাণ করা হবে।

শনিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে চবি প্রশাসনের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ সব কথা জানান।

উপাচার্য বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদ কেবল একটি রাজনৈতিক পরিচয় নয়, এটি একটি দর্শন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত এই দর্শনের মূল ভিত্তি ছিল ধর্মীয় মূল্যবোধ, বহুদলীয় গণতন্ত্র, জাতীয় ঐক্য এবং রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা। কারও সঙ্গে শত্রুতা নয়, সবাইকে নিয়ে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়াই এই দর্শনের মূল কথা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমিন, চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর, শাহজালাল হলের প্রভোস্ট প্রফেসর ড. জহুরুল আলম, চাকসু কেন্দ্রের পরিচালক প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী এবং চবি শহীদ জিয়া স্মৃতি সংসদের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. আবু নছর মুহাম্মদ আবদুল মাবুদ।

এ ছাড়া শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানসহ সংগঠনের নেতারা এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণি কর্মচারীদের প্রতিনিধিরাও বক্তব্য রাখেন।