কর্মসংস্থান তৈরিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, গ্রামের মানুষের জীবনমান উন্নয়ন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখতে পারে।

সমবায়ের মূল শক্তিই হলো পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও আত্মনির্ভরশীলতা। তৃণমূল পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র সমবায় সমিতি গড়ে তুলে সাধারণ মানুষকে সংগঠিত ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে।

রবিবার (৮ নভেম্বর) টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় সমবায় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।’ এ প্রতিপাদ্যকে ধারণ করে দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি সুন্দর, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী উপস্থিত সমবায়ীদের স্বাবলম্বী করার লক্ষ্যে তাদের হাতে ঋণের চেক হস্তান্তর করেন। এরপর তিনি শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত ‘সমবায় পণ্য মেলা’র স্টলগুলো পরিদর্শন করেন। তিনি মেলায় বিভিন্ন সমবায়ী সংগঠনের পক্ষ থেকে অংশ নেওয়া নান্দনিক পণ্যের স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের উৎসাহিত করেন।

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’- প্রতিপাদ্যে আয়োজিত ৫৫তম জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মো. ইফতেখার হোসাইন খান।

বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ সমবায়ীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলার সমবায়ী নেতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ।