আধিপত্যের দ্বন্দ্বে একে অপরকে ‘ছুরিকাঘাত’

চট্টগ্রামের ফটিকছড়ির উত্তরাঞ্চলের হেয়াকোতে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা বিএনপি ও যুবদলের সংঘর্ষে ছুরিকাঘাতে দুই নেতা আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-খাগড়াছড়ি মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন এক পক্ষের সমর্থকেরা।

শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার হেয়াকো সরকারপাড়া এলাকার স্থানীয় একটি রেস্তোরাঁয় এ সংঘর্ষ ঘটে।

স্থানীয়রা জানায়, রাতে ওই রেস্তোরাঁয় খাবার খেতে যান বিএনপি নেতা নাসির উদ্দিন বিপ্লব। একই সময়ে সেখানে উপস্থিত হন যুবদল নেতা ঘোষণা কবির। একপর্যায়ে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দুইজনই একে অপরকে ছুরিকাঘাত করেন। তাছাড়া স্থানীয় রাজনীতি, এলাকায় প্রভাব বিস্তার ও আধিপত্য নিয়ে আগে থেকেই দুইজনের মধ্যে বিরোধ চলছিল।

হেয়াকো ট্রাক মালিক সমিতির নামে সড়কে চাঁদা আদায়কে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত। আহত নাসির উদ্দিন বিপ্লব এ ঘটনায় বিএনপি নেতা আবুল খায়ের ও হেয়াকো ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক নাসির ড্রাইভারের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন। তবে অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য জানতে একাধিকবার ফোন ও ক্ষুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়াপাওয়া যায়নি।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।