দুই ম্যাচেই তিন গোল নাজিবের; পাকিস্তান হারালো মালদ্বীপকে

ভারতের বিপক্ষে সাফে পাকিস্তানের প্রথম ম্যাচেই জাতীয় দলের হয়ে অভিষেকে গোল করে সামর্থ্যের জানান দিয়েছিলেন তরুণ নাজিব উল্লাহ। দ্বিতীয় ম্যাচে এসে আজ মালদ্বীপের বিপক্ষে করলেন জোড়া গোল। তার জোড়াতেই ঢাকা জাতীয় স্টেডিয়ামে মালদ্বীপকে ৩-০ ব্যবধানে হারিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাক্কার থেকে উঠে এসেছেন নাজিব। গত মার্চে জায়গা পেয়েছিলেন দেশটির অনূর্ধ্ব-২০ দলে। বয়সভিত্তিক ফুটবলের অভিজ্ঞতা নিয়েই এবার জায়গা করে নিয়েছেন সিনিয়র জাতীয় দলে। 

আজ চতুর্থ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মিকেল আবদুল্লাহ। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ১৯ বছরের নাজিব।

শুরুতেই দুই গোল খেয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে পড়ে মালদ্বীপ। পাকিস্তানের আক্রমণে বারবার বিপদে পড়েছে তাদের রক্ষণ। ২৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে পাকিস্তানের জয় প্রায় নিশ্চিত করে দেন নাজিব।

প্রথমার্ধে পাওয়া তিন গোলের লিড শেষ পর্যন্ত ধরে রাখে পাকিস্তান। বিরতির পর তিনটি পরিবর্তন নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মালদ্বীপ। মাঠে নামানো হয় দলের তারকা ফরোয়ার্ড আলী ফাসির, হুসাইন সিফাউ ও নিশাম রশিদকে। তাতেও গোলের দেখা পায়নি তারা।

৫২ মিনিটে ফেদু ইব্বের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৬৬ মিনিটে মোহাম্মদ নাঈমের নিচু শট ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলরক্ষক ও অধিনায়ক ইউসুফ ইয়াজ বাট। পরের মিনিটে মালদ্বীপ বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। ৭১ মিনিটে পাকিস্তানের বদলি ফরোয়ার্ড শায়ক দোস্তের সামনে ব্যবধান বাড়ানোর সুযোগ এলেও তা কাজে লাগাতে পারেননি তিনি।

ভারতের কাছে প্রথম ম্যাচে ৩-২ গোলে হেরে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার পথ কঠিন হয়ে গিয়েছিল। আজকের জয়ে সেই সম্ভাবনা আবার তৈরি হয়েছে। তবে শেষ চারে যেতে হলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের দিকে তাকিয়ে থাকতে হবে পাকিস্তানকে। ১১ নভেম্বর ভারত-মালদ্বীপ ম্যাচে মালদ্বীপ হারলেই সেমিফাইনালে উঠে যাবে পাকিস্তান।