সেনেগালের উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ২১

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স। 

মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে বলা হয়, শনিবার সন্ধ্যা পর্যন্ত নৌকাডুবির ঘটনায় ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজনকে জীবিত পাওয়া গেছে।

সেনেগালের রাজধানী ডাকারের প্রায় ১৮০ কিলোমিটার উত্তরে কেবেমের উপকূলে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নৌকাটিতে মোট কতজন ছিলেন, তা জানায়নি কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়েছে, নৌকাটিতে অনিয়মিত পথে বিদেশে পাড়ি জমানোর উদ্দেশ্যে যাত্রা করেছিলেন অভিবাসনপ্রত্যাশীরা।

উন্নত জীবনের আশায় পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে সাম্প্রতিক বছরগুলোতে হাজারো মানুষের মৃত্যু হয়েছে। অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা ওয়াকিং বর্ডারসের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম পাঁচ মাসেই এই পথে ৬৩৫ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।

ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টায় অভিবাসীদের প্রাণহানির ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে।