লিথুয়ানিয়া সীমান্তে ৯ বাংলাদেশিসহ ৫৪ অভিবাসী আটক

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ১২:২৬ এএম

লিথুয়ানিয়া সীমান্ত হয়ে অবৈধভাবে পোল্যান্ডে প্রবেশের সময় ৯ বাংলাদেশিসহ ৫৪ জন অভিবাসীকে আটক করেছে পোল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ। নর্থ-ইস্টার্ন পোল্যান্ডের বুদজিস্কো সীমান্ত ক্রসিং এলাকায় একটি কার্গো ট্রাকের ভেতর থেকে তাদের আটক করা হয়।

আটক অভিবাসীদের মধ্যে ৯ জন বাংলাদেশি, ৩০ জন পাকিস্তানি এবং ১৫ জন আফগান নাগরিক রয়েছেন। এ বিষয়ে প্রশাসনিক কাজ সম্পন্ন করার জন্য তাদের লিথুয়ানিয়াতে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পোলিশ কর্তৃপক্ষ বলেছে, মানবপাচারকারীদের সহায়তায় অভিবাসীদের এই দলটি ট্রাকে করে লিথুয়ানিয়া থেকে সীমান্ত পাড়ি দিয়ে পোল্যান্ডে পৌঁছানোর চেষ্টা করছিল। ট্রাকের ভেতরে লুকানো অবস্থা থেকে তাদের আটক করা হয়।

সীমান্তে অস্থায়ী নজরদারির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে পোলিশ কর্তৃপক্ষ। দেশটির সীমান্ত কর্তৃপক্ষ বলেছে, পোল্যান্ডের সীমান্ত সুরক্ষিত রাখতে আমরা সতর্ক এবং কার্যকর রয়েছি।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পূর্বাঞ্চলীয় সীমান্তে অনিয়মিত অভিবাসীদের আগমন ঠেকাতে গত বছরের গ্রীষ্মে দেশটির সীমান্তে অস্থায়ী নজরদারি চালু করে পোলিশ সরকার।

সীমান্ত দিয়ে অভিবাসীদের ঠেলে দিয়ে ‘হাইব্রিড ওয়ারফেয়ার’ চালিয়ে যাচ্ছে বেলারুশ- এমন অভিযোগ ইইউ এবং পোল্যান্ডের। যদিও অভিযোগ অস্বীকার করছে বেলারুশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত