শেবাগ-দ্রাবিড়দের হারিয়ে পাকিস্তানকে ফাইনালে তুললেন হামজা

হাই-ভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ৩ উইকেটে যুব এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ভারতের দেওয়া ২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে পড়লেও, উইকেটরক্ষক-ব্যাটসম্যান হামজা জহুরের অনবদ্য ও অপরাজিত সেঞ্চুরিতে ১১ বল বাকি থাকতে জয় ছিনিয়ে নেয় তারা। 

আল এমেরাতে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে ভারত অনূর্ধ্ব-১৯ দল। ইনিংসের দ্বিতীয় বলেই ভারতীয় অধিনায়ক লক্ষ্মণ রাইচন্দানিকে শূন্য রানে বোল্ড করে প্রথম আঘাত হানেন পেসার আলী রাজা। দলীয় স্কোরে বড় রান যোগ করার আগেই ৮৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে ভারত। বীরেন্দ্রর শেবাগ পুত্র আর্যবির ২২, ও রাহুল দ্রাবিড়ের ছেলে আনভ্যায় করেন ১১ রান। তবে পঞ্চম উইকেটে দলের হাল ধরেন অর্জুন রাজপুত। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রেখে তিনি খেলেন ১০৭ রানের একটি ধ্বংসাত্মক ও চমৎকার ইনিংস। যুব ওয়ানডেতে নিজের প্রথম এই সেঞ্চুরিটি সাজাতে তিনি মাত্র ৮৫ বল খেলেন, যার মধ্যে ছিল ১১টি চার ও ৫টি ছক্কার মার। শেষদিকে কাভ্য প্যাটেলের ২৩ রানের সুবাদে ৪৬.৩ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ২০৮ রানে থামে ভারতের ইনিংস।

২০৯ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানও চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে। মাত্র ৬৫ রান তুলতেই টপ অর্ডারের ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ার উপক্রম হয় পাকিস্তানি যুবাদের। সেই সংকটময় সময়ে ম্যাচের মোড় ঘোরানো ১০৭ রানের মহাগুরুত্বপূর্ণ এক জুটি গড়েন হামজা জহুর ও হাসনাইন আব্বাস দার। হাসনাইন ৬৭ বলে লড়াকু ৩৮ রান করে আউট হলেও অন্যপ্রান্ত অবিচল রাখেন হামজা।

চাপের মুখে অত্যন্ত ঠান্ডা মাথায় ও দায়িত্বশীল ব্যাটিং করে যুব ওয়ানডে ক্যারিয়ারের অন্যতম সেরা সেঞ্চুরিটি তুলে নেন হামজা জহুর। তিনি ১০৮ বল মোকাবেলা করে ১০টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ঠিক ১০০ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৪৮.১ ওভারে ৭ উইকেটে ২০৯ রান তুলে দলের রোমাঞ্চকর জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে পাকিস্তান।

এই জয়ে ২ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো পাকিস্তান। ভারত-আমিরাতের সাথে জয়ী দল এ গ্রুপের অন্য দল হিসেবে উঠবে শেষ চারে। বি গ্রুপে আফগানিস্তান ২ খেলায় ৪ পয়েন্ট, এবং বাংলাদেশ ও শ্রীলঙ্কা ২ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের দৌড়ে আছে। সোমবার বাংলাদেশ খেলবে মালয়েশিয়ার সঙ্গে, আর আফগানিস্তান খেলবে শ্রীলঙ্কার সঙ্গে। 

সংক্ষিপ্ত স্কোর

ভারত অনূর্ধ্ব-১৯: ২০৮/১০ ( অর্জুন ১০৭, কাভ্য ২৩, আর্যবির ২২, রিজওয়ানুল্লাহ ৩/২৪, আলী রাজা ৩/৩৭, নিকাব শফিক ৩/৪২)। 
পাকিস্তান অনূর্ধ্ব-১৯: ২০৯/৭ (৪৮.১ ওভার, হামজা ১০০*, হাসনাইন ৩৮, আব্দুল কাদির ২০, মানাল চৌহান ৩/৩২, মোহিত উলভা ২/৪৫।