আফগানিস্তানের বিপক্ষে হারের পর যুব এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ব্যাট হাতে আহসান আল মুমিন ও জারিফ সিয়ামের দায়িত্বশীল ইনিংসের পর বোলারদের সম্মিলিত নৈপুণ্যে শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে প্রতিপক্ষকে ২৪৬ রানের লক্ষ্য দিয়ে ২০০ রানেই অলআউট করে বাংলাদেশ।
আজ টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় যুবারা। দুই ওপেনার আবদুল্লাহ আল মুহি ও জারিফ সিয়ামের ব্যাটে প্রথম উইকেটে আসে ৪১ রান। ২৫ বলে ৩০ রান করে মুহি ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর আল আমিন হোসেন রনি ১৩ রান করে আউট হলে ৬৩ রানে দ্বিতীয় উইকেট হারায় তারা।
তৃতীয় উইকেটে জারিফের সঙ্গে ৬৮ রানের জুটি গড়ে ইনিংস সামাল দেন মুমিন। ৮৩ বলে ৫৯ রান করে জারিফ ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন তিনি। তার ৯৮ বলে ৮২ রানের ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ২টি চার। অধিনায়ক ফরিদ হাসান ফয়সালের ১৭ এবং রাকিবুল হাসানের ১১ রানের পর শেষদিকে রোবিউল হাসান অনিকের ১৫ রানে ৪৯ ওভার ৪ বলে ২৪৫ রান তুলে অলআউট হয় বাংলাদেশ। শ্রীলঙ্কার হয়ে ৪ উইকেট নেন সেথমিকা সেনেভিরত্নে।
জবাবে শুরু থেকেই লঙ্কান ব্যাটসম্যানদের চাপে রাখেন বাংলাদেশের বোলাররা। অধিনায়ক বিরান চামুখিথা ১২ রান করে ফিরলে প্রথম ধাক্কা খায় শ্রীলঙ্কা। পরে রেহান পেইরিসের বিদায়ে চাপ বাড়ে। তবে একপ্রান্তে প্রতিরোধ গড়ে তোলেন সেনুজা ওয়েকুনাগোদা। তার ৯৫ বলে ৮৫ রানের ইনিংসটি শ্রীলঙ্কাকে লড়াইয়ে রাখে। তবে তাফিউল তামিমের বলে তার বিদায়ের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে চলে আসে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৬ ওভার ১ বলে ২০০ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে তাফিউল তামিম, শেখ আতীকুর রহমান, রুবাই ইসলাম ও রবিউল অনিক ২টি করে উইকেট নেন।
গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৯ নভেম্বর মালয়েশিয়ার বিপক্ষে।