চন্দনাইশে ১৯ কোটি টাকার সড়ক উন্নয়নকাজের উদ্বোধন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা হেডকোয়ার্টার (নয়াহাট)-বৈলতলী-খোদারহাট জিসি সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। 

রবিবার (৮ নভেম্বর) বিকেলে এ কাজের উদ্বোধন করেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ জসীম উদ্দীন আহমেদ।

৫ হাজার ৮৫০ মিটার দীর্ঘ এ সড়ক উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ১৯ কোটি ৫০ লাখ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) চন্দনাইশ উপজেলা কার্যালয়ের বাস্তবায়নে কাজটি সম্পন্ন হবে। ২০২৮ সালের এপ্রিলের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, চন্দনাইশ উপজেলা প্রকৌশলী সৈয়দ আসিফ মুহাম্মদ, উপসহকারী প্রকৌশলী মো. আব্দুল মমিন, ঠিকাদারি প্রতিষ্ঠান মো. ইউনুস অ্যান্ড ব্রাদার্সের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী মো. এমরান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আ. ক. ম. মোজাম্মেল হক, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি আবদুর রউফ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সহসাধারণ সম্পাদক নুরুল কবির কমিশনার, আযম খান, শহিদুল ইসলাম, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, সেলিম উদ্দিন, আইনুল হুদা চৌধুরী, জাহাঙ্গীর আলম ও মো. মহিউদ্দিন প্রমুখ।

এ ছাড়া চন্দনাইশ উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, এলজিইডির কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ বলেন, উপজেলা সদরের সঙ্গে বৈলতলী, খোদারহাটসহ আশপাশের এলাকার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এ সড়ক। সড়কটি প্রশস্ত ও শক্তিশালী করা হলে এলাকাবাসীর যাতায়াত, ব্যবসা-বাণিজ্য এবং কৃষিপণ্য পরিবহনে ব্যাপক সুবিধা হবে।

তিনি সড়কের কাজে কোনো ধরনের অনিয়ম না করে দ্রুত ও মানসম্মতভাবে কাজ শেষ করতে ঠিকাদার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংসদ সদস্যসহ অতিথিদের নাশতা পরিবেশন করা হয়। এ সময় এমপি জসীম উদ্দীন আহমেদ নাশতার পেছনে অর্থ ব্যয় না করে তা সড়কের কাজে ব্যয় করার অনুরোধ জানান। নাশতার খরচ নিজে বহন করবেন বলেও জানান তিনি। তিনি বলেন, সড়কের কাজ ভালোভাবে সম্পন্ন হলে শেষ পর্যন্ত এলাকাবাসীই উপকৃত হবেন।