এবার পল্লবী থানায় হাতবোমা বিস্ফোরণ, এসআরবি সদস্য আহত

রাজধানীর পল্লবী থানা প্রাঙ্গণে হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে বিস্ফোরিত বোমার স্প্লিন্টারের আঘাতে স্পেশাল রেসপন্স ব্রাঞ্চের (এসআরবি) এক সদস্য আহত হয়েছেন। রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি পাশের ফ্লাইওভারের ওপর থেকে থানার ভেতরে হাতবোমাটি ছুড়ে মারে। বিস্ফোরণে বোমার একটি অংশের আঘাতে থানার ফটকের ভেতরে দায়িত্ব পালনরত এসআরবি-৪-এর এক সদস্য আহত হন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ বিস্ফোরণ ঘটিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের এখনো শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ওসি আরও জানান, আগের দিন পল্লবী মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় এসআরবি সন্দেহভাজন একজনকে আটক করে থানায় নিয়ে এসেছে। ওই ঘটনার জের ধরে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে বোমা নিক্ষেপ করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।

তবে বাসে আগুন দেওয়ার ঘটনায় কাউকে আটকের বিষয়টি অস্বীকার করেছে এসআরবি-৪। সংস্থাটির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, থানায় এসআরবির আটক করা অন্য কোনো আসামি থাকতে পারেন। কিন্তু বাসে অগ্নিসংযোগের ঘটনায় তাদের হেফাজতে কেউ নেই।

এদিকে একই দিন প্রায় একই সময়ে রাজধানীর মালিবাগে বীর উত্তম শামসুল আলম সড়কে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মেট্রোরেল স্টেশনের নিচে, সিনেট ভবনসহ কয়েকটি স্থানে হাতবোমা বিস্ফোরণের খবর পাওয়া যায়। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন শিক্ষার্থীরা বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান।

এ ছাড়া সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাটারা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।