দীপাবলিতে ক্ষমা চাইলেন বিগ বি

বিগ বি-খ্যাত বলিউড তারকা অমিতাভ বচ্চন অসুস্থতার কারণে বর্তমানে কয়েকদিন বিশ্রামে রয়েছেন। আপাতত বন্ধ আছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ গেম শো-এর শুটিংও। এর মধ্যে গতকাল রবিবার দীপাবলিতে ব্লগে নিজের স্বাস্থ্যের আপডেট জানিয়ে এই অভিনেতা বলেন, ‘আমি বহু শুভাকাক্সক্ষীর থেকে প্রচুর শুভেচ্ছাবার্তা, উপহার পাচ্ছি। এত উপহার পাচ্ছি যে সেগুলো আর রাখার জায়গা হচ্ছে না। উপহারগুলো সঠিকভাবে না রাখার অর্থ সেগুলোকে অবহেলা, অসম্মান করা। ফলে যারা আমাকে উপহার পাঠাচ্ছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমিও সবাইকে চিঠি লিখে লিখে উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমি নিজেই সেই উত্তরগুলো লিখতে চেয়েছিলাম। কিন্তু হাতের ব্যথা, অস্বস্তির কারণে একটু দেরি হচ্ছে। আমি ক্ষমাপ্রার্থী।’

অমিতাভ বচ্চন তার ব্লগে লিখেছেন, ‘আমরা কী করতে পারি? পরিস্থিতি এমন হয়ে গেছে যে ক্ষমা চাওয়াটাই সহজ মনে হচ্ছে। ক্ষমা চাওয়ায় তো কোনো সমস্যা নেই। উল্টো দিকের মানুষটা সেটা প্রত্যাখ্যান করতে পারেন, বারণ করতে পারেন আবার অবস্থা বুঝে সেটা মেনেও নিতে পারেন। সবাই যদি আমার ক্ষমা প্রার্থনা মেনে নেন এবং স্বীকার করেন আমি খুবই খুশি হব।’

সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেটে পড়ে গিয়ে আঘাত পান অমিতাভ বচ্চন। এছাড়াও তার ঘুমের বেশ কিছু সমস্যা হচ্ছে বলেও জানা গিয়েছিল। সব মিলিয়েই তার স্বাস্থ্যের কথা মাথায় রেখে আপাতত বন্ধ রয়েছে উক্ত গেম শো-এর শুটিং। হয়তো আগামী সপ্তাহ থেকে পুনরায় সেটা শুরু হবে, যদি বিগ বি’র স্বাস্থ্য ভালো থাকে। তার আগেই দীপাবলিতে এই বিশেষ বার্তা দিলেন।