মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭

মিশরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১২ জন। রবিবার রাজধানী কায়রোর কাছে গিজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর সিএনএন।

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানা গেছে, কাফর আম্মার ও আল-রাক্কা রেলস্টেশনের মধ্যবর্তী এলাকায় একটি ট্রেনের পেছনে অপর একটি ট্রেন ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়।

আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের প্রাচীনতম রেলব্যবস্থাগুলোর একটি মিশরের রেলপথে অতীতেও বেশ কয়েকটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ২০১৯ সালে কায়রোর প্রধান রেলস্টেশন রামসেস স্কয়ারে একটি ট্রেন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হলে আগুন ধরে যায়। এতে ২৫ জন নিহত হন।

এর আগে ২০১৭ সালে আলেকজান্দ্রিয়াগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অপর একটি ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। ওই দুর্ঘটনায় ৪০ জনের বেশি মানুষ নিহত হন।

এদিকে, গিজার ট্রেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। রোববার নিজের সরকারি ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এ নির্দেশ দেন। একই সঙ্গে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।