মিশরের ইসমাইলিয়া গভর্নরেটে কৃষিভিত্তিক দিনমজুর বহনকারী পিক-আপ ট্রাক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। ভয়াবহ এই ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের বড় একটি অংশই শিশু, যাদের বয়স মূলত ১৩ থেকে ১৪ বছরের মধ্যে।
মঙ্গলবার (১১ আগস্ট) মিসরের সংবাদমাধ্যম আল-আহরামের খবরে বলা হয়েছে, ইসমাইলিয়া প্রদেশের আল-দাওয়াউইস এলাকার একটি সংযোগ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদ মাধ্যম ও স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, ইসমাইলিয়া গভর্নরেটের আল-দাওয়াবিস এলাকার একটি সংযোগ সড়কে কৃষি খামারের কাজের উদ্দেশ্যে যাওয়া শ্রমিকদের বহনকারী যানটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।
মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় আহত ৩০ জনসহ মোট হতাহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য দ্রুত নিকটবর্তী আল-কাসাসিন স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত এক চিকিৎসা কর্মকর্তা জানান, নিহতদের বেশির ভাগই ১৩-১৪ বছর বয়সী কিশোর-কিশোরী। এমনকি উদ্ধারকৃতদের মধ্যে ১০ বছর বয়সী এক শিশুই ছিল সবচেয়ে কম বয়সী ভুক্তভোগী।
নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, দুর্ঘটনাকবলিত শ্রমিকরা প্রতিবেশী শারকিয়া গভর্নরেটের দুটি গ্রামের বাসিন্দা ছিলেন এবং তারা একটি খামারে কাজে যাচ্ছিলেন।
এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
এদিকে দেশটির সামাজিক সংহতি মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের পরিবার এবং আহত শ্রমিকদের আর্থিক সহায়তা দেওয়া হবে।
মিশরে অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে যাতায়াতের জন্য পিকআপ ট্রাকের ব্যবহার খুবই সাধারণ একটি চিত্র। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে অন্তত ১৩ লাখ অপ্রাপ্তবয়স্ক শিশুশ্রমে নিযুক্ত রয়েছে।
মিশরের রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার তথ্যমতে, দেশটিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও আহতের হার ১০ শতাংশেরও বেশি বেড়েছে। এসব দুর্ঘটনায় হতাহতদের মধ্যে ১৫ বছরের কম বয়সি শিশুদের সংখ্যাই সবচেয়ে বেশি।
খুলনার দিঘলিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ৩
দুমকিতে বাড়ছে সড়ক দুর্ঘটনা, আহত ২ শিক্ষার্থী