পিরোজপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম

পিরোজপুর সদর উপজেলায় আব্দুর রহিম (৪৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। হামলায় তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। এ ছাড়া তার বাম পা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা।

রবিবার (৮ নভেম্বর) রাতে সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব শিকদার মল্লিক এলাকায় শিকদার মল্লিক দাখিল মাদ্রাসার সামনে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত আব্দুর রহিম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এবং সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি পূর্ব শিকদার মল্লিক গ্রামের ওমর আলীর ছেলে।

আব্দুর রহিমের স্ত্রী লাভলী আক্তার বলেন, তার স্বামী দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত। রাজনৈতিক কারণেই তাকে কুপিয়ে জখম করা হয়েছে। এর আগেও তাকে হুমকি দেওয়ার পাশাপাশি মারধর করা হয়েছিল।

আব্দুর রহিমের বড় ভাই সেকেন্দার শেখ বলেন, ১০ থেকে ১২ জন মিলে তার ভাইয়ের ওপর হামলা চালায়। হামলাকারীরা তার মাথার বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। এছাড়া বাম পা ভেঙে দেওয়ার পাশাপাশি পায়ের বিভিন্ন স্থানেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি বলেন, রবিবার সন্ধ্যায় সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রহিমকে ছাত্রলীগ ও প্রজন্মলীগের নেতাকর্মীরা কুপিয়ে জখম করেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য প্রশাসনকে জানানো হয়েছে। হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।