পিরোজপুরের ভান্ডারিয়ায় ২০২৬ সালের এইচএসসি ও সমমানের আলিম পরীক্ষায় হতাশাজনক ফলাফলের পর শিক্ষার পরিবেশ উন্নয়নে সচেতনতামূলক উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করা, সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা বন্ধ এবং মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণে মঙ্গলবার (৩ নভেম্বর) পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে অটোরিকশায় মাইক সংযুক্ত করে প্রচারিত এ সচেতনতামূলক বার্তায় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও ব্যবসায়ীদের প্রতি বেশ কিছু নির্দেশনা ও অনুরোধ জানানো হয়।
প্রচারে বলা হয়, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী মাগরিবের পর কোনো শিক্ষার্থী বিনা প্রয়োজনে বাড়ির বাইরে ঘোরাফেরা করতে পারবে না। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার বন্ধ রাখতে হবে। পাশাপাশি ১৮ বছরের কম বয়সীদের কাছে বিড়ি-সিগারেট বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়। স্কুল চলাকালীন শিক্ষার্থীদের দোকানে বসে আড্ডা দেওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে। এ ছাড়া ছোট শিশুদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে ডোবা, পুকুর, খাল ও নদী থেকে দূরে রাখতে অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান জানান, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় ফিরিয়ে আনা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং আগামী দিনে পরীক্ষার ফলাফলের মান উন্নয়নের লক্ষ্যেই এ সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। তিনি শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষকে প্রশাসনের এসব নির্দেশনা ও আহ্বান মেনে চলার অনুরোধ জানান।