মেত্রোপলিতানোর গ্যালারির অসহনীয় কোলাহল, প্রতিপক্ষের ঝোড়ো আক্রমণ আর প্রথমার্ধের চরম হতাশা মিলিয়ে বার্সেলোনার জন্য রাতটি বেশ কঠিন হতে পারত। কিন্তু হান্সি ফ্লিকের দল সব প্রতিকূলতা পেরিয়ে ঠিকই খুঁজে নিল জয়ের পথ। তরুণ মিডফিল্ডার ফেরমিন লোপেজের জোড়া গোলে আতলেতিকো মাদ্রিদকে ২-১ ব্যবধানে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল কাতালান জায়ান্টরা। রিয়াল মাদ্রিদ ও আতলেতিকোকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলে এখন তিন পয়েন্টের পরিষ্কার লিড বার্সার।
ম্যাচের শুরুটা ছিল স্বাগতিকদের পক্ষে পুরোপুরি একপেশে। হুলিয়ান আলভারেজদের একের পর এক আক্রমণে বার্সার রক্ষণভাগ দিশেহারা হয়ে পড়েছিল। ম্যাচের মাত্র ১০ মিনিটেই আলভারেজের নিখুঁত ক্রসে দুর্দান্ত ভলিতে মেত্রোপলিতানোকে উল্লাসে মাতান জুলিয়ানো সিমিওনে।
এরপর প্রথমার্ধজুড়ে আলভারেজ ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ পেলেও ফিনিশিংয়ের ব্যর্থতায় তা হাতছাড়া করেন। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে খেলার ধারার বিপরীতে গোল পরিশোধ করে বসেন লোপেজ। পেদ্রির দারুণ ড্রাইভ এবং ডি-বক্সে প্রতিপক্ষের পায়ে লেগে বল পেয়ে জোরালো শটে জালে পাঠান এই তরুণ স্প্যানিশ মিডফিল্ডার।
বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোটাই নিজেদের মুঠোয় নেয় বার্সেলোনা। ফ্লিকের কৌশল বদল ও দ্বিতীয়ার্ধের নিপুণ ফুটবলে দিশেহারা হয়ে পড়ে স্বাগতিকরা। ম্যাচের ৬৬ মিনিটে লামিন ইয়ামালের নিখুঁত ও মাপা পাস থেকে বল পেয়ে ঠাণ্ডা মাথায় গোলকিপার ইয়ান ওবলাককে বোকা বানান লোপেজ। পিছিয়ে পড়ার পর দুই গোলে ঘুরে দাঁড়ানোর পর ম্যাচের লাগাম আর হাতছাড়া করেনি বার্সা। রক্ষণ ও আক্রমণভাগে সমান তালে খেলে স্বাগতিকদের সমস্ত আক্রমণ মাটি করে দিয়ে মাঠ ছাড়ে তিন পয়েন্ট নিয়ে।
ম্যাচ শেষে মোভিস্তারকে দেওয়া সাক্ষাৎকারে জয়ের পেছনের গল্প বলতে গিয়ে জয়ের নায়ক লোপেজ বলেন, ‘গত মৌসুমের পর আমরা জানতাম ওরা কেমন ম্যাচ উপহার দেবে, ম্যাচটি অত্যন্ত কঠিন ছিল। প্রথমার্ধের ওই গোলের পর আমাদের জন্য পরিস্থিতি কিছুটা জটিল হয়ে পড়েছিল, তবে আমি মনে করি আমরা ঠিকই ঘুরে দাঁড়াতে পেরেছি এবং একটি দুর্দান্ত ম্যাচ খেলেছি।’
বার্সা কোচ ফ্লিকও স্বীকার করেছেন ম্যাচটা সহজ ছিল না, এমন তারা জয়ের কাছেও ছিল না। তবে শেষ পর্যন্ত জয়টা হলো তাদেরই। প্রতিপক্ষের তীব্র প্রেসিংয়ের কথা স্বীকার করে বার্সা কোচ বলেন, ‘আমরা প্রতিপক্ষের থেকে অনেক দূরে ছিলাম, যার কারণে তাদের ওপর চাপ সৃষ্টি করা সহজ ছিল না। দ্বিতীয়ার্ধে আমরা এই জায়গাতেই উন্নতি করেছি। প্রথমার্ধ পারফেক্ট না হলেও দ্বিতীয়ার্ধ দারুণ ছিল এবং আমি মনে করি আমরাই জয়টি পাওয়ার যোগ্য ছিলাম।’
এদিকে হারের পরেও দলের লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন আতলেতিকো অধিনায়ক কোকে। লা লিগা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি হতাশা প্রকাশ করে বলেন, ‘আমি মনে করি দল প্রথমার্ধে দারুণ খেলেছিল। আমাদের সামনে ম্যাচ বের করে নেওয়ার সুযোগ ছিল, কিন্তু আমরা তা কাজে লাগাতে পারিনি। এটাই ফুটবল। এখানে ক্লিনিক্যাল হতে হয়, আর তারা আমাদের চেয়ে বেশি ক্লিনিক্যাল ছিল।’
এই ম্যাচের মধ্যে দিয়েই ১২টি ম্যাচ ডে শেষেই জমে উঠল লা লিগার শিরোপার লড়াই। সেখানে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা, আর সমান ম্যাচে যথাক্রমে ৩০ আর ২৮ পয়েন্ট নিয়ে পরের দুই অবস্থানে দুই মাদ্রিদ, রিয়াল ও আতলেতিকো।