সিলেট টেস্টে ৩০ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই দাপট দেখায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। গতকাল চতুর্থ দিনের খেলা শেষেই কাভেম হজের সেঞ্চুরি আর উইকহ্যামদের দৃঢ়তায় ৩১৫ রানের লিড পেয়েছিল সফরকারীরা। আজ পঞ্চম ও টেস্টের শেষ দিনে আর ১০ ওভার খেলে ৫৩ রান যোগ করে তারা। ৬ উইকেটে ৩৯৮ রানে তুলে ঘোষণা করে ইনিংস। এতে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়াল ৩৬৯ রানের।
পঞ্চম দিনের সকালে দুই প্রান্তে দুই স্পিনার, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসানকে দিয়ে আক্রমণ শুরু করে বাংলাদেশ। দিনের দ্বিতীয় ওভারেই সাফল্য এনে দেন নাঈম। আগের দিনের সেঞ্চুরিয়ান কাভেম হজকে (১৪২) ফাইন লেগে হাসান মাহমুদের ক্যাচে পরিণত করে শুরুর ধাক্কা দেন এই অফ স্পিনার। ১৯৪ বলে ১৭ চার ও ১ ছক্কায় ১৪২ রানের দারুণ এই ইনিংস সাজান কাভেম।
কিছুক্ষণ পর জাস্টিন গ্রিভসকে (৯) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মিরাজ। দ্রুত রান তোলার তাড়ায় নামা শামার জোসেফও (১) নাঈমের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে লং অফে ক্যাচ দেন। সকালের প্রথম ১০ ওভারে মাত্র ৫৩ রান যোগ করতেই ৩ উইকেট হারায় উইন্ডিজ। এরপর আমির জাঙ্গু (৩৯*) ও জশুয়া বিশপের (২০*) ঝোড়ো ব্যাটিংয়ে দলের সংগ্রহ ৩৯৮ রানে পৌঁছানোর পর ইনিংস ঘোষণা করেন ক্যারিবীয় অধিনায়ক রস্টন চেজ।
এর আগে ম্যাচের তৃতীয় দিনে তাওহীদ হৃদয়ের ঐতিহাসিক ও অপরাজিত ২৪২ রানের মহাকাব্যিক ইনিংসে ভর করে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৮৬ রানের লড়াকু পুঁজি গড়েছিল। তখন মনে হয়েছিল ম্যাচে বেশ ভালোভাবেই ফিরেছে স্বাগতিকরা। কিন্তু চতুর্থ দিনে এসে সেই স্বস্তি উড়িয়ে ব্যাটিং স্বর্গের রূপ নেওয়া সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেটে সারাদিন ধরে রাজত্ব করেন ক্যারিবীয় ব্যাটাররা।
চতুর্থ দিন জুড়ে ক্যারিবীয়রা ৩৩৮ রান যোগ করে। কাভেম হজের সেঞ্চুরি এবং কেভিন উইকহ্যামের ৭৮ রানের সুবাদে উইন্ডিজ ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয়। পেসাররা সম্পূর্ণ নিষ্প্রভ থাকলেও স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ চেষ্টা চালালেও দিন শেষে ৩১৫ রানের বিশাল লিড পেয়েছিল সফরকারীরা। পঞ্চম দিনে এসে সেই লিড আরও বাড়িয়ে বাংলাদেশকে ৩৬৯ রানের কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিল ওয়েস্ট ইন্ডিজ।
ম্যাচ জিততে হলে শেষ দিনের বাকি সময়ে ব্যাট হাতে ইতিহাস গড়তে হবে শান্ত-হৃদয়দের। কেননা এর আগে দ্বিতীয় ইনিংসে দুইশ এর বেশি রানের লক্ষ্য তাড়ায় কেবল একবারই জিতেছে তারা। ২০০৯ সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১৫ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ, যা ছিল এই ফরম্যাটে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড।
এদিকে দুই ইনিংসে ৩৫০ এর অধিক রান এখন পর্যন্ত কোনো ম্যাচে হারেনি উইন্ডিজরা। তাদের ক্রিকেটে ইতিহাসে এমন ছয় ম্যাচের পাঁচটিই অবশ্য শেষ পর্যন্ত ড্র, আর একটি জয় এই বাংলাদেশের বিপক্ষেই ২০১১ সালের মিরপুর টেস্টে।
জয়ের লক্ষ্যে ইতিমধ্যেই ব্যাটিংয়েও নেমে পড়েছে স্বাগতিকরা। সাদমান না থাকায় আগের ইনিংসে তানজিদের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন নাঈম, তবে এই ইনিংসে ওপেন করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৭ ওভার শেষে বিনা উইকেটে ২৭ রান তুলেছে বাংলাদেশ। জয়ের পথটা এখনো ৩৪২ রান দূরের।