বরগুনায় পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন

বরগুনা পুলিশ লাইনের সামনে পার্কিং করে রাখা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৯ নভেম্বর) মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাসটির কিছু অংশ পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

সোমবার (৯ নভেম্বর) বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো বিআরটিসি একটি বাস বরগুনা পুলিশ লাইনের সামনের সড়কে পার্কিং করে রাখা ছিল। রবিবার মধ্যরাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ লাইন্সের সদস্যরা বাসটিতে আগুন জ্বলতে দেখে দ্রুত পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এতে বাসটির কিছু অংশ পুডড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় বাসটি।

ওসি আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও শনাক্ত করা যায়নি। জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।