পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ১০ নভেম্বর দেশ ছাড়ার কথা রয়েছে টেস্ট দলের সদস্যদের। আগামী ১৫ নভেম্বর শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এজন্য আজ এই সংস্করণের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন মাহফিজুল ইসলাম রবিন। ফিরেছেন নাঈম শেখ।
২৭ বছর বয়সী ওপেনার নাঈম জায়গা পেয়েছেন মূলত সাদমান ইসলামের চোটের কারণে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে পাওয়া চোটে এ বছর আর মাঠে নামা হচ্ছে না তার।
এর আগে দেশের হয়ে কেবল একটি টেস্ট খেলেছিলেন নাঈম। ২০২২ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের ক্রাইসচার্চে নিজের অভিষেক ম্যাচে প্রথম ইনিংসে ০ আর পরের ইনিংসে ২৪ রান করেছিলেন তিনি। এরপর থেকে লম্বা সময় ধরে দেশের হয়ে আর টেস্ট খেলা হয়নি তার। অবশেষে সাদমানের চোটে মিলল সুযোগ।
নাঈম এবারের জাতীয় ক্রিকেট লিগেও আছেন দারুণ ছন্দে। তিনটি তিন অঙ্কের ইনিংস ও একটি ফিফটি করেছেন যার মধ্যে একটি ইনিংস ২৮২ রানের ইনিংস আছে। এদিকে ২২ বছর বয়সী ডানহাতি ওপেনার রবিনও এনসিএলে ডাবল সেঞ্চুরি করেছেন। আছে ১১৬ ও ১০০ রানের আরও দুটি ইনিংস। রয়েছে দুটি ফিফটিও। নির্বাচকরা মাহমুদুল হাসান জয়কেও রেখেছিলেন বিবেচনায়। তবে চোটের কারণে শেষপর্যন্ত দক্ষিণ আফ্রিকা যাওয়া হচ্ছে না তার।
তাইজুল ইসলাম দলে জায়গা ধরে রাখলেও জায়গা হারিয়েছেন ঢাকা ও সিলেট টেস্টে খেলা নাঈম হাসান। জাকের আলী অনিক দলে জায়গা ধরে রেখেছেন। চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরেও নেই তারকা পেসার নাহিদ রানা। পেস ইউনিটে তাসকিন আহমেদের সাথে আছেন হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী ও সৈয়দ খালেদ আহমেদ।
দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হবে প্রতিপক্ষের পেস আক্রমণ সামলানো। বিশেষ করে নতুন বলে ব্যাটারদের ধৈর্য ও টেকনিকের পরীক্ষা দিতে হবে। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় মাহফিজুল ও নাঈমের মতো ব্যাটসম্যানরা কতটা কার্যকর ভূমিকা রাখতে পারেন, সেটিও দেখার বিষয়।
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ ও মাহফিজুল ইসলাম রবিন।