রবিনকে শাসিয়ে নিষিদ্ধ বিজয়

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পিএম

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে আচরণবিধি ভঙ্গের অভিযোগে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়। ম্যাচের চতুর্থ ও শেষ দিনে প্রতিপক্ষ ময়মনসিংহ বিভাগের ক্রিকেটার মাহফিজুল ইসলাম রবিনকে ব্যাট উঁচিয়ে মারতে যান তিনি, যা আচরণবিধির ২.১.৩ ধারার আওতাভুক্ত। এই ধারায় ক্রিকেটের চেতনার পরিপন্থী আচরণ এবং খেলায় অসম্মানজনক পরিস্থিতি তৈরির বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়।

অপরাধের গুরুত্ব ও পরিস্থিতি অনুযায়ী সংশ্লিষ্ট ক্রিকেটারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে আয়োজকেরা। গতকাল শুনানির পর ৪ ডিমেরিট পয়েন্ট যোগ হয় বিজয়ের নামের পাশে। ক্রিকেটীয় আইন অনুযায়ী এনসিএলের পরবর্তী রাউন্ডে খেলতে পারবেন না তিনি। এদিকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা হয়েছে রবিনের। একই ম্যাচে ভিন্ন ঘটনার জন্য খুলনার অধিনায়ক মোহাম্মদ মিঠুনসহ আরও ২ ক্রিকেটারের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ করেছেন ম্যাচ রেফারি সৈয়দ আদিল আহমেদ।

ময়মনসিংহের বিপক্ষে ম্যাচটি ৮ উইকেটে জেতে খুলনা। খুলনায় তখন সবে ১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে স্বাগতিকরা। ইনিংসের দ্বিতীয় ওভারে ৩টি বল করার পর আসাদউল্লাহ হিল গালিব উঠে যান। পরিবর্তে বোলিংয়ে আসেন রিজান হোসেন। এর আগে থেকেই অবশ্য স্লিপে দাঁড়িয়ে স্ট্রাইক প্রান্তে থাকা খুলনার আরেক ওপেনার আজিজুল হাকিমকে 'স্লেজিং' করতে থাকেন রবিন। তবে সেটা যেন পছন্দ হচ্ছিল না অন্য প্রান্তে থাকা বিজয়ের। একপর্যায়ে মেজাজ হারিয়ে রবিনকে ব্যাট উঁচিয়ে মারতে যান তিনি। ময়মনসিংহের অন্য ফিল্ডাররা এসে থামালে কিছুক্ষণ শান্ত থাকেন বিজয়। এরপর আবার তেড়ে যান রবিনের দিকে। এভাবে বেশ কয়েকবার ছুটে যান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, এর সঙ্গে ফিল্ডারকে উদ্দেশ্য করে অশালীন ভাষাও ব্যবহার করেন বিজয়। এই ঘটনায় ম্যাচ অফিশিয়ালরা লেভেল-টু চার্জ আনেন তার বিপক্ষে। গতকাল শুনানির পর এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন বিজয়। রবিনের জরিমানা হয়েছে ম্যাচ ফির ১০ শতাংশ। অর্থাৎ ১৫ হাজার টাকা।

সর্বশেষ সর্বাধিক পঠিত