আগামী জুলাইয়ে চালু হচ্ছে অন্তর্ভুক্তিমূলক তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা

দেশের সব ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে একটি অভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করতে ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম’ (আইআইপিএস) চালুর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী বছরের জুলাইয়ে এ ব্যবস্থা চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

নতুন এ ব্যবস্থায় গ্রাহকরা যেকোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে থাকা নিজের হিসাব কিংবা মোবাইল ওয়ালেট ব্যবহার করে সহজেই অর্থ পাঠাতে ও লেনদেন করতে পারবেন। ফলে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে অর্থ স্থানান্তরে আর আলাদা নেটওয়ার্কের ওপর নির্ভর করতে হবে না।

বাসস জানায়, এ উদ্যোগের ফলে আর্থিক সেবার আওতা বাড়বে, নগদ টাকার ব্যবহার কমবে এবং লেনদেন আরও দ্রুত ও সহজ হবে। একই সঙ্গে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা মানুষও ডিজিটাল আর্থিক সেবার আওতায় আসার সুযোগ পাবেন।

গেটস ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় এ প্ল্যাটফর্ম তৈরি করা হবে। এ ক্ষেত্রে ফাউন্ডেশনের ‘মোজালোফ’ উদ্যোগের আওতায় তৈরি উন্মুক্ত সফটওয়্যার ব্যবহার করা হবে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত ডিজিটাল লেনদেন নিশ্চিত করতে এ সফটওয়্যার তৈরি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম জানান, সব আর্থিক প্রতিষ্ঠানকে একটি অভিন্ন ব্যবস্থার আওতায় আনাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। এতে পর্যায়ক্রমে নগদ টাকা উত্তোলন এবং এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে অর্থ স্থানান্তরের প্রয়োজন কমে আসবে।

তিনি বলেন, এ ব্যবস্থা চালু হলে গ্রাহকরা আর নিজ নিজ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নেটওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। বরং যেকোনো অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি লেনদেন করতে পারবেন।

আইআইপিএস চালু হলে ব্যক্তি থেকে ব্যক্তিতে অর্থ পাঠানো, ব্যবসায়িক লেনদেন, দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে মূল্য পরিশোধ এবং সরকারি অর্থ বিতরণসহ বিভিন্ন ধরনের লেনদেন করা যাবে। প্রয়োজনীয় পরিচালনাগত, অর্থ নিষ্পত্তি ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর সম্ভব হবে।

দেশের বিদ্যমান ডিজিটাল লেনদেন অবকাঠামোর ওপর ভিত্তি করেই নতুন এ ব্যবস্থা গড়ে তোলা হবে।

বর্তমানে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ২০১২ সাল থেকে অংশগ্রহণকারী ব্যাংকগুলোর মধ্যে এটিএম, পয়েন্ট অব সেল (পিওএস) এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেনের সুযোগ দিয়ে আসছে। তবে বিদ্যমান ব্যবস্থায় সব ধরনের আর্থিক প্রতিষ্ঠানকে একটি নেটওয়ার্কে যুক্ত করা সম্ভব হয়নি। বিশেষ করে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এবং ব্যাংকবহির্ভূত প্রতিষ্ঠানগুলোকে একই ব্যবস্থার আওতায় আনার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে।

সিরাজুল ইসলাম বলেন, বিদ্যমান ব্যবস্থাটি প্রত্যাশা অনুযায়ী কার্যকর হয়নি। এ কারণে আর্থিক খাতের সব প্রতিষ্ঠানকে যুক্ত করতে আরও সমন্বিত প্রযুক্তিগত কাঠামো গড়ে তোলা প্রয়োজন।

আগামী বছরের জুলাইয়ে এ ব্যবস্থা চালুর লক্ষ্যমাত্রা দেশের ডিজিটাল আর্থিক খাতের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে বলে তথ্য পাওয়া গেছে।