ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ হামলার কারণে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় অঞ্চলটির ৭০ শতাংশেরও বেশি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খবর আল জাজিরার।
রবিবার (৮ নভেম্বর) রাতে চালানো এ হামলার জন্য কারা দায়ী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের সঙ্গে এ হামলার কোনো যোগসূত্র রয়েছে কি না, তাও স্পষ্ট নয়।
আল জাজিরার ফ্যাক্ট-চেকিং সংস্থা সানাদ হামলার পর সুলাইমানিয়া গভর্নরেটের গ্যাসক্ষেত্রটির আশপাশ থেকে ধোঁয়া ও আগুনের শিখা ওঠার ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করেছে।
ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ জানিয়েছে, কুর্দিস্তান আঞ্চলিক সরকারের বিদ্যুৎ মন্ত্রণালয়ের মুখপাত্র ওমিদ আহমেদ বলেছেন, হামলার ফলে বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে এরবিল, সুলাইমানিয়া, বাজিয়ান, চামচামাল ও দোহুক শহরের বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে।
তিনি জানান, এ হামলায় জাতীয় বিদ্যুৎ গ্রিড থেকে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কমে গেছে।
ওমিদ আহমেদ আরও বলেন, হাসপাতাল ও পানি শোধনাগারের মতো জরুরি সেবামূলক স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে জলবিদ্যুৎকেন্দ্র এবং বিকল্প জ্বালানিতে পরিচালিত অন্যান্য বিদ্যুৎকেন্দ্র চালু করা হবে।
বাগদাদ থেকে আল জাজিরার প্রতিবেদক পিটার স্মিথ জানিয়েছেন, নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, বিস্ফোরকবোঝাই একটি ড্রোন খোর মোর গ্যাসক্ষেত্রের গ্যাস সংরক্ষণ স্থাপনায় আঘাত হেনেছে। এতে বিদ্যুৎ গ্রিডের সক্ষমতা ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত কমে গেছে।
ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি জানিয়েছেন, প্রাথমিক মূল্যায়নে হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আইএনএর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হামলার প্রকৃত কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে কুর্দি অঞ্চলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে একটি যৌথ তদন্ত কমিটি গঠনের নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।
আঞ্চলিক উত্তেজনার মধ্যে এ হামলার ঘটনা ঘটল। এর আগেও গত বছর একই গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা হয়েছিল। তবে সেই হামলার দায়ও কোনো গোষ্ঠী স্বীকার করেনি।