চীনে বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ১৪

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩০ পিএম

চীনের উত্তরাঞ্চলে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের। 

রবিবার (৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে শানসি প্রদেশের রাজধানী তাইইউয়ানের ইংজে জেলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার অভিযান শেষ হয়।

স্থানীয় প্রশাসনের বিবৃতিতে বলা হয়,  রাতেই ৩৮ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছিল। তবে সোমবার সকাল নাগাদ মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছায় বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া। 

ইংজে জেলা প্রশাসন জানিয়েছে, আহতদের চিকিৎসায় সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। দুর্ঘটনা-পরবর্তী কার্যক্রমও চলমান রয়েছে। আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

সম্পত্তি কেনাবেচার প্ল্যাটফর্ম লিয়ানজিয়ার তথ্য অনুযায়ী, ভবনটি আবাসিক ও বাণিজ্যিক—উভয় ধরনের ব্যবহারের জন্য নির্মিত। সেখানে আবাসিক ফ্ল্যাটের পাশাপাশি হোটেল ও শিশুদের শিক্ষা কার্যক্রম পরিচালনার কেন্দ্র ছিল।

জিমু নিউজকে ভবনটির একটি হোটেলের এক কর্মী জানান, তাঁর ধারণা, ভবনের পঞ্চম তলা থেকে আগুনের সূত্রপাত হয়। অষ্টম তলাতেও কয়েকজন আহত হয়েছেন বলে জানান তিনি।

ওই কর্মী আরও বলেন, ভবনের কিছু অংশে তখনো আগুন জ্বলছিল। এর মধ্যেই তিনি দমকলকর্মীদের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নিয়ে আটকে পড়া ব্যক্তিদের খোঁজ করেন।

জিমু নিউজের প্রকাশিত ছবিতে দেখা গেছে, আবাসিক ফ্ল্যাট ও হোটেলের পাশাপাশি ভবনটিতে রেস্তোরাঁ এবং শিশুদের বিভিন্ন শিক্ষামূলক প্রশিক্ষণকেন্দ্রও রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত