গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে একটি নৌকা থেকে ১২ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। সোমবার (৯ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে গ্রিসের কোস্টগার্ড। খবর রয়টার্স।
কী কারণে তাঁদের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, কালোই লিমেনেস বন্দরের প্রায় ১৫ নটিক্যাল মাইল দূরে ওই নৌকা থেকে আরও ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ক্রিটের উপকূলে পৃথক দুটি ঘটনায় আরও কয়েক ডজন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সবাইকে তীরে নিয়ে আসা হবে বলে জানান তিনি।
দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থীদের ইউরোপে প্রবেশের অন্যতম পথ গ্রিস। ২০১৫-১৬ সালে ইউরোপের শরণার্থী সংকটের সময় দেশটি সবচেয়ে বেশি চাপের মুখে পড়ে। ওই সময় তুরস্ক থেকে মূলত নৌকায় করে প্রায় ১০ লাখ মানুষ গ্রিসের বিভিন্ন দ্বীপে পৌঁছান।
পরবর্তী সময়ে সমুদ্র ও স্থলসীমান্তে টহল জোরদার করায় গ্রিসে অভিবাসনপ্রত্যাশীদের আগমন কিছুটা কমে আসে। তবে সাম্প্রতিক সময়ে উত্তর-পূর্ব লিবিয়া থেকে ক্রিট হয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করা অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা বেড়েছে।