সাভারে এক রাতে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) ভোরে বলিয়ারপুর এলাকায় এবং রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা এলাকায় এ আগুনে ঘটনা ঘটে।
সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, রবিবার রাত ১টার দিকে গেন্ডা এলাকায় সড়কের পাশে পার্ক করে রাখা পোশাক শ্রমিকদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এরপর সোমবার ভোর ৪টার দিকে বলিয়ারপুর এলাকায় ইতিহাস পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়েও আগুন নিয়ন্ত্রণে আনেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, সড়কের পাশে যত্রতত্র বাস পার্ক করে রাখার সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা। ঘটনাগুলো খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।