জামালপুরে ধর্ষণ মামলায় ইউনুছ আলী নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ফজলুল হক জানান, দণ্ডপ্রাপ্ত ইউনুছ আলী দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কুমারের চর এলাকার গাজী রহমানের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর রাতে একই এলাকার এক নারী ঘরের বাইরে বের হলে তাকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করেন ইউনুছ আলী। এ ঘটনায় ভুক্তভোগী আদালতে মামলা করেন। পরে ছয়জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।