পাশাপাশি কবরে সেই দুই ভাই, শোকে পাগলপ্রায় মা

নিথর দেহটা সাদা কাপড়ে মোড়ানো। ১০ মাসের ফুটফুটে শিশু আবু বক্কর আরব শেষবারের মতো ফিরেছে বাসায়। কিন্তু যার কোলে তার ওঠার কথা ছিল, সেই মা আমেনা বেগম সন্তানের কাছে যাচ্ছেন না। তিনি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন, বিড়বিড় করছেন অসংলগ্ন কথা। কেবল দুই দুইটা দিনের ব্যবধানে তিনি হারিয়ে ফেলেছেন নাড়িছেঁড়া দুই ধন। পুত্রশোকে স্বামীকেও ভালো করে চিনতে পারছেন না। 

রোববার দিবাগত রাত ১টা ১০ মিনিটে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ১০ মাসের ছোট্ট মোহাম্মদ আবু বক্কর আরব। 

এর আগে গত শুক্রবার সকালে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরবের বড় ভাই, ১০ বছরের শিশু মোহাম্মদ আরাফাত। দুজনেরই শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছিল। পাশাপাশি হাম ও নিউমোনিয়ার জটিলতা দেখা দেওয়ায় তাদের বাঁচানো সম্ভব হয়নি। 

শুক্রবার মোমেনবাগ কবরস্থানে বড় ভাই আরাফাতকে যেখানে শায়িত করা হয়েছে, সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে তার পাশেই খুঁড়ে রাখা ছোট কবরে শুইয়ে দেওয়া হয় আরবকে। দুই ভাই এখন পাশাপাশি মাটির ঘরে ঘুমিয়ে।

দুই দিনের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে এখন সম্পূর্ণ নিঃস্ব বাবা মোহাম্মদ কবির ও মা আয়েশা বেগম। তাদের আর কোনো সন্তান নেই। বর্তমানে তারা পাশের বড় ভাইয়ের বাসায় অবস্থান করছে। সোমবার দুপুরে বাসায় গিয়ে দেখা যায় বেশ ভেঙে পড়েছেন বাবা মোহাম্মদ কবির। ছেলেদের কথা বলে বারবার সংজ্ঞা হারাচ্ছেন মা আয়েশা বেগম। কান্নাজড়িত কণ্ঠে বাবা বলেন, ‘ভাই, আমার সব শেষ। দুইটা ছেলেই চলে গেল। আমি এখন কী নিয়ে বাঁচব? 

বাবা বলেন, বড় ছেলে পড়াশোনায় ভালো ছিল। তাকে কুরআনের হাফেজ বানানোর স্বপ্ন ছিল। আগামী রমজানে মাদ্রাসায় ভর্তি করানোর সব কথাবার্তা চূড়ান্ত ছিল। কিন্তু তার আগেই চলে গেল সে। ডেঙ্গু, হাম আমার দুই সন্তানকেই কেড়ে নিল।

স্ত্রীর বিষয়ে মোহাম্মদ কবির বলেন, আমার স্ত্রী পাগলপ্রায় হয়ে গেছেন। আজ আরবকে আনার পর তাকে ডেকে আনা হয়। সে পালিয়ে যাচ্ছে বারবার। বলছে, এখানে কেউ আছে। আমাকেও সে চিনতে পারছে না। বড় ছেলের মৃত্যুর পর থেকেই সে চুপচাপ হয়ে গেছে। সে আর হাসপাতালে যায়নি। মাঝেমধ্যে কান্না করে। এখন একেবারেই ভেঙে পড়েছে। 

কবিরের ভাগিনা মো. নোমান দেশ রূপান্তরকে বলেন, আমার মামি অসংলগ্ন কথাবার্তা বলছেন। তিনি ছেলেদের ছবি দেখতে চাচ্ছেন না। ছবি দেখলেই ছিঁড়ে ফেলতে চাচ্ছেন। কিছুক্ষণ কান্না করেন। আবার অন্যরকম আচরণ করেন। এখন ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। ভালো ঘুম হলে হয়ত কিছুটা স্বাভাবিক হবেন।

গত দুই সপ্তাহ ধরে দুই সন্তানকে বাঁচাতে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে চক্কর কেটেছেন মোহাম্মদ কবির ও আমেনা বেগম দম্পতি। বড় ছেলে আরাফাতকে প্রথমে সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালে, পরে ইমপেরিয়াল হাসপাতালে এবং সবশেষ মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি।

শুক্রবার বড় ছেলে আরাফাত মারা যাওয়ার পর একই হাসপাতালে চিকিৎসাধীন ছোট ছেলে আরবকে বাঁচানোর আকুতি জানিয়েছিলেন অসহায় বাবা-মা। কিন্তু সব আকুতি উপেক্ষা করে না ফেরার দেশে চলে গেল ছোট ছেলেও। দুই শিশুর চিকিৎসায় ইতোমধ্যে অনেক ধারদেনা হয়ে গেছে। প্রায়
৪ লাখ টাকা খরচ করেছেন। কিন্তু হাসপাতাল থেকে শূন্য হাতে ফিরতে হয়েছে এই দম্পতিকে।