ঘরের মাঠে খেলা, অথচ চাওয়া অনুযায়ী উইকেটের সুবিধা পুরোপুরি কাজে লাগাতে পারেনি বাংলাদেশ দল। স্পিন-সহায়ক কন্ডিশনের প্রত্যাশা নিয়ে দুই টেস্টে তিন স্পিনার খেলিয়েও পরিকল্পনার সুফল মেলেনি। মিরপুরে হারের পর সিলেটেও প্রত্যাশিত উইকেট না পাওয়ার আক্ষেপ দলের। বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মতে, নিজেদের চাওয়া অনুযায়ী কন্ডিশন না পাওয়ায় পরিকল্পনার জায়গায় পিছিয়ে থাকতে হয়েছে তাদের।
এনিয়ে শান্ত বলেন, 'আমাদের পরিকল্পনা ছিল যে, আমরা স্পিন-সহায়ক উইকেটে খেলব, সত্যি কথা বলতে। দুই ম্যাচেই যদি দেখেন, আমরা তিনজন স্পিনার এবং দুজন পেসার নিয়ে খেলেছি। প্রথম ম্যাচটা আমার কাছে মনে হয়, কন্ডিশনের কারণে আমরা হারিনি। আমার মনে হয়, আমরা ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-তিন বিভাগেই ভালো করতে পারিনি। এই কারণেই ম্যাচটা হেরেছি। আমার মনে হয়, পরিকল্পনাটা ঠিক ছিল। তবে আমি একটু আগেও যেটা বললাম, পরিকল্পনার বাস্তবায়ন ঠিকমতো হয়নি।'
মিরপুরের পর সিলেটেও নিজেদের প্রত্যাশার সঙ্গে বাস্তব কন্ডিশনের পুরোপুরি মিল খুঁজে পাননি শান্ত। স্পিনারদের জন্য সহায়ক উইকেটের আশা থাকলেও সিলেটে সেই পরিস্থিতি পুরোপুরি তৈরি হয়নি। বরং উইকেটের আচরণ ছিল প্রত্যাশার চেয়ে ভিন্ন। অধিনায়কের মতে, সিলেটে চাওয়া অনুযায়ী স্পিনের সহায়তা না পাওয়ায় পরিকল্পনার দিক থেকে কিছুটা পিছিয়ে পড়ে দল। ভবিষ্যতে এ ধরনের উইকেট তৈরির ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার কথাও বলেছেন তিনি।
এনিয়ে আক্ষেপ ঝরে শান্তর কণ্ঠে, 'সিলেটে আসলে যে কন্ডিশনটা আমরা চেয়েছিলাম বা প্রত্যাশা করেছিলাম, পুরোপুরিভাবে সেই কন্ডিশন পেয়েছি, এটা আমি বলব না। ওই জায়গায় আমরা হয়তো পরিকল্পনার দিক দিয়ে একটু পিছিয়ে ছিলাম।'
সিলেটের উইকেট যদি ব্যাটিংয়ের জন্য বেশি সহায়ক হবে, তা আগে থেকে জানা থাকলে দল নির্বাচনেও পরিবর্তন আসতে পারত বলে মনে করেন অধিনায়ক। সে ক্ষেত্রে একজন বাড়তি পেসার নিয়ে মাঠে নামত স্বাগতিকরা। কিন্তু স্পিনের সহায়তা পাওয়ার প্রত্যাশায় নেওয়া পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবতার সঙ্গে মেলেনি বলেই দাবি শান্ত, 'না, আমি যেটা বললাম, এ রকম চাওয়া ছিল না। যদি এ রকমই হতো, হয়তো আমরা আরও একজন বাড়তি পেসার নিয়ে খেলতে পারতাম। চিন্তা ছিল, স্পিন হয়তো আরেকটু আগে থেকে ধরবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়নি।'
তবে শুধু উইকেট কিংবা কন্ডিশনকে দায়ী করতে রাজি নন বাংলাদেশ অধিনায়ক। দলের ব্যর্থতার পেছনে নিজেদের খেলার মানও বড় কারণ বলে মনে করেন তিনি। অতিরিক্ত চিন্তাভাবনার কারণে খেলোয়াড়েরা চাপে ছিলেন কি না, এমন প্রশ্নে শান্ত বরং নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে না পারার বিষয়টিকেই সামনে এনেছেন। এনিয়ে টেস্ট দলের অধিনায়ক বলেন, 'আমরা ভালো ক্রিকেট খেলিনি, এটা মেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, এই সংস্করণে আমরা যেভাবে খেলছিলাম, তার ৫০ শতাংশও খেলতে পারিনি। আমরা যদি আমাদের পরিকল্পনা ও তার বাস্তবায়ন ভালোভাবে করতে পারতাম, তাহলে হয়তো ফলাফল ভিন্ন হতো।'
সিলেট টেস্টের শেষ ইনিংসে বড় লক্ষ্য তাড়া করার চাপ থাকলেও সারাদিন ব্যাটিং করার লক্ষ্য নিয়েই মাঠে নামে বাংলাদেশ। প্রতিকূল পরিস্থিতিতে অন্তত উইকেটে টিকে থাকার পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরে ড্র ক্রার সন্তুষ্টি প্রকাশ করেন অধিনায়ক, 'যখনই এ রকম বড় লক্ষ্য সামনে এসেছে, তখনই আমরা পরিকল্পনা করেছি কীভাবে পুরো দিন ব্যাটিং করা যায়। সেটাই লক্ষ্য ছিল। আলহামদুলিল্লাহ, আমরা ব্যাটিংটা করতে পেরেছি।'
দুই টেস্টের অভিজ্ঞতায় তাই ঘরের মাঠে কন্ডিশন নিজেদের পক্ষে পাওয়ার পাশাপাশি পরিকল্পনার যথাযথ বাস্তবায়নের প্রয়োজনীয়তাও নতুন করে উপলব্ধি করছেন শান্ত। তাঁর আক্ষেপ, নিজেদের মাঠে খেলার বাড়তি সুবিধা কাজে লাগানোর যে প্রত্যাশা ছিল, তা পুরোপুরি পূরণ হয়নি।